নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেওয়ার জন্য ডাক পেলেন বাঁকুড়ার কলেজ ছাত্রী। ওই ছাত্রীর নাম রিয়া বর্ধন। তিনি বেলিয়াতোড়ের যামিনী রায় কলেজে দর্শন অনার্সের দ্বিতীয় বর্ষে পাঠরতা। রিয়া সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে জাতীয় সেবা প্রকল্প বা এনএসএস বিভাগের প্রতিনিধিত্ব করবেন। বড়জোড়া ব্লকের ছান্দার গ্রামের বাসিন্দা রিয়া বলেন, আগামী ২৬ জানুয়ারি দিল্লিতে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে আমি অংশ নিতে চলেছি। এনএসএসের সদর দপ্তর থেকে কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। আমি কুচকাওয়াজের প্রস্তুতি নিতে শুরু করেছি। আমাদের এলাকায় হাতির আনাগোনা রয়েছে। সেই ভয়কে উপেক্ষা করে সারাবছর জঙ্গল লাগোয়া মাঠে অনুশীলন করি। নিয়মিত এলাকার রাস্তাঘাট, রেল স্টেশন, বাস স্টপ সাফাই করি। ঝাঁট দেওয়ার জন্য অনেকে বিদ্রূপ করেছে। তা সত্ত্বেও আমি নিজের কাজ করে গিয়েছি। আজ তারই স্বীকৃতি পেলাম। যামিনী রায় কলেজের এনএসএসের প্রোগ্রাম অফিসার রামকৃষ্ণ মুখোপাধ্যায় বলেন, গোটা রাজ্য থেকে মাত্র চারজন ছাত্রী সাধারণতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছে। তারমধ্যে আমাদের কলেজেরও এক ছাত্রী থাকায় আমরা গর্বিত। পরিবারে আর্থিক অনটন থাকা সত্ত্বেও রিয়া পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি নিজেকে সমাজের সেবায় নিজেকে নিয়োজিত করেছে। ওর সাফল্যে অন্যান্য ছাত্রছাত্রীরাও জাতীয় সেবা প্রকল্পে অংশ নিতে উৎসাহিত হবে।



