সংবাদদাতা, শীতলকুচি: বৃহস্পতিবার দুপুরে শীতলকুচি ব্লকের ভাঐরথানা পঞ্চায়েতের ভোগডাবড়ির সাধুরহাটে এক বাড়িতে চুরি হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের দেবাশিস বর্মনের বাড়িতে চুরি হয়েছে। দিনের বেলায় এধরনের চুরির ঘটনায় উদ্বিগ্ন বাসিন্দারা। দেবাশিসবাবু বলেন, এদিন দুপুরে বাড়িতে কেউই ছিল না। বাবা মা ডাক্তার দেখাতে হাসপাতালে গিয়েছিলেন। আমিও দোকানে ছিলাম। দরজায় তালা দেওয়া ছিল। দুপুর দেড়টা নাগাদ বাড়ি ফিরলে চুরির ঘটনা নজরে আসে। তালা ভেঙে আলমারি থেকে সোনার চেন, আংটি, কানের দুল নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। বিষয়টি নিয়ে শীতলকুচি থানায় লিখিত অভিযোগ জানিয়েছি। শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোড়ো জানান, চুরির ঘটনার তদন্ত করা হচ্ছে।



