নিজস্ব প্রতিনিধি, তমলুক: দ্রুত সোয়াদিঘি খাল সংস্কার সহ মোট ছ’দফা দাবিতে বুধবার তমলুকে ডিএম অফিসে বিক্ষোভ দেখাল সোয়াদিঘি ও সহযোগী খাল সংস্কার কমিটি। গতবছর বন্যায় শহিদ মাতঙ্গিনী, পাঁশকুড়া ও কোলাঘাটের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। সোয়াদিঘি ও গঙ্গাখালির মতো বিভিন্ন খাল মজে যাওয়ায় এক মাসের বেশি বন্যার দুর্ভোগ পোহাতে হয়। বন্যার তিক্ত অভিজ্ঞতা থেকেই জেলা প্রশাসন মোট ১১টি খাল খননের সিদ্ধান্ত নেয়। সেইমতো সোয়াদিঘি ও গঙ্গাখালি খাল খননের কাজ শুরু হয়েছে। কিন্তু, খননকাজ শুরু হওয়া মাত্র বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে। গত ২৫জানুয়ারি কাঁকটিয়ায় সোয়াদিঘি খাল খননের সময় ধস নামতেই স্থানীয়রা কাজে বাধা দেন। এরপর মঙ্গলবার মিলননগরে গঙ্গাখালি খাল খননের সময় বড়বড় ধস নামে। তারপরই স্থানীয় লোকজন রাস্তা অবরোধ করেন। খনন কাজেও বাধা দেন। এর ফলে খাল খননের কাজ ব্যাহত হচ্ছে। সকল প্রকার বাধা কাটিয়ে দ্রুত খাল খননের কাজ সম্পন্ন করতে সোয়াদিঘি ও সহযোগী খাল সংস্কার কমিটির তরফে কয়েকশো ভুক্তভোগীকে নিয়ে বিক্ষোভ দেখানো হয়। নেতৃত্ব দেন ভোগপুর কেনারাম মেমোরিয়াল হাইস্কুলের সহশিক্ষক নব্যেন্দু ঘড়া, চিত্ত জানা, প্রদীপকুমার পাল প্রমুখ। সংগঠনের একটি প্রতিনিধি দল জেলা পরিষদের সচিব সৌম্য চট্টোপাধ্যায়ের কাছে স্মারকলিপি জমা দেয়।



