সংবাদদাতা, পুরাতন মালদহ: সৌদিআরবে কাজে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুরাতন মালদহের বাসিন্দা এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে ওই দেশ থেকে অন্য শ্রমিকদের মাধ্যমে পরিবারকে এই খবর জানানো হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম রাফিজুল ইসলাম (৩২)। তাঁর বাড়ি মহিষবাথানি পঞ্চায়েতের বড়কোল গ্রামে। তাঁর বাড়িতে বৃদ্ধ বাবা সহ স্ত্রী, তিনটি নাবালক সন্তান রয়েছে। দু’বছর আগে তিনি সৌদিআরবে কাজে যান। মাসে মাসে সংসার চালানোর জন্য পরিবারকে টাকা পাঠাতেন। মৃতের আত্মীয় মনিরুল ইসলাম বলেন, রাফিজুল ওই দেশে উঁচু টাওয়ারে বিদ্যুতের তার চেকিং করছিলেন। সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেফটি বেল্টে ঝুলে পড়েন। অন্য শ্রমিকরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান। দেহ আনার ব্যবস্থা করা হচ্ছে। মালদহ থানার পুলিস জানিয়েছে, দূতাবাসের মাধ্যমে এমন মৃত্যু সংক্রান্ত খবর আসে। এখনও খবর আসেনি।



