Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

২৮ বছর পর মূল আসরে স্কটল্যান্ড, যোগ্যতা অর্জন স্পেনেরও

দীর্ঘ প্রায় তিন দশকের অপেক্ষা ঘোচাতে জয়ের বিকল্প ছিল না। গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে দু’বার লিড নিয়েও নিভতে বসেছিল বিশ্বকাপের আশা।

২৮ বছর পর মূল আসরে স্কটল্যান্ড, যোগ্যতা অর্জন স্পেনেরও
  • ২০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

স্কটল্যান্ড-৪                                   :                                     ডেনমার্ক-২
স্পেন-২                                       :                                          তুরস্ক-২

Advertisement

গ্লাসগো: দীর্ঘ প্রায় তিন দশকের অপেক্ষা ঘোচাতে জয়ের বিকল্প ছিল না। গ্লাসগোর হ্যাম্পডেন পার্কে দু’বার লিড নিয়েও নিভতে বসেছিল বিশ্বকাপের আশা। কিন্তু সংযোজিত সময়ে টিয়েরনে ও ম্যাকলিনের রুদ্ধশ্বাস গোল! তাতেই ফিনিশ ডেনমার্ক। মঙ্গলবার রাতে নাটকীয় লড়াইয়ে ড্যানিশদের ৪-২ ব্যবধানে হারিয়ে ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপের মূলপর্বে স্কটল্যান্ড। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ সি’র চ্যাম্পিয়ন স্কটিশরা। দ্বিতীয় স্থানে থাকা ডেনমার্কের (১১ পয়েন্ট) অবশ্য এখনও আশা জিইয়ে আছে। তাদের খেলতে হবে যোগ্যতা অর্জনের প্লে-অফে।
১৯৯৮ সালের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় ঘটেছিল স্কটল্যান্ডের। পরের ২৮ বছরে একাধিকবার তীরে এসে তরি ডুবেছে। এবারেও বাছাই পর্বের গত ম্যাচে গ্রিসের কাছে হেরে বিশ্বকাপের স্বপ্নে সিঁদুরে মেঘ জমে। বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য ডেনমার্ককে হারাতেই হবে এই সমীকরণে মঙ্গলবার মাঠে নেমে তৃতীয় মিনিটেই লিড পায় স্কটল্যান্ড। ডান দিক থেকে বেন ডোয়াকের ভাসানো ক্রস দুরন্ত বাইসাইকেল কিকে জালে কাঁপান ম্যাকটমিনে (১-০)। যদিও এই লিড ধরে রাখতে পারেনি তাঁরা। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ডেনমার্ককে সমতায় ফেরান হয়ল্যান্ড (১-১)। এই পর্বে আক্রমণ এবং প্রতি-আক্রমণে খেলা জমে উঠেছিল। কিন্তু ৬১ মিনিটে রাসমুস ক্রিস্টেনসেন লাল কার্ড দেখলে বড় ধাক্কা খায় ডেনমার্ক। আর আনুপাতিক সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে ৭৮ মিনিটে লরেন্স সাকল্যান্ড ফের এগিয়ে দেন স্কটল্যান্ডকে (২-১)। এবারও লিড দীর্ঘস্থায়ী হয়নি। ৮২ মিনিটে প্যাট্রিক ড্রগু ২-২ করেন। তখন পেন্ডুলামের মতো দুলছিল ম্যাচের ভাগ্য। কিন্তু সংযোজিত সময়ে কিয়েরান টিয়েরনি ও ম্যাকলিনের দুরন্ত গোলে ম্যাচটি ৪-২ ব্যবধানে জিতে নিল স্কটিশ-ব্রিগেড। আর রেফারির শেষ বাঁশি বাজতেই বাঁধনছাড়া উল্লাসে ফেটে পড়ে গ্লাসগো।
বাছাই পর্বের অন্য ম্যাচে স্পেনকে ২-২ গোলে আটকে দিল তুরস্ক। তা সত্ত্বেও বিশ্বকাপের টিকিট অর্জন করল স্প্যানিশ আর্মাডা। ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ই’র শীর্ষে লুই ডে লা ফুয়েন্তের দল। পাশাপাশি এই ড্রয়ের সুবাদে রেকর্ডও গড়লেন ড্যানি ওলমোরা। ইতালির টানা ৩১টি ম্যাচ অপরাজেয় থাকার পরিসংখ্যান ছুঁয়ে ফেলল স্পেন। উল্লেখ্য, মঙ্গলবার সেভিয়ায় চতুর্থ মিনিটে স্প্যানিশ-ব্রিগেডকে এগিয়ে দেন ড্যানি ওলমো। ৪২ মিনিটে ড্যানিস গুল সমতায় ফেরান তুরস্ককে। ৫৪ মিনিটে আবার ওজকানের গোলে লিডও নেয় তুরস্ক। শেষ পর্যন্ত ৬২ মিনিটে স্পেনকে সমতায় ফেরান মিকেল ওয়ারজাবাল।

Advertisement
সম্পর্কিত সংবাদ