শ্রীনগর: উত্তর কাশ্মীরের কুপওয়ারায় স্কুলের সীমানা পাঁচিল ভেঙে পড়ে মৃত্যু হল তৃতীয় শ্রেণির এক ছাত্রীর। মৃতের নাম গাজিয়া পারভেজ। শনিবার দ্রুগমুল্লা এলাকায় ঘটনাটি ঘটে। ওই সময় স্কুলে মধ্যাহ্নভোজের বিরতি চলছিল। প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, বিরতির সময় টিফিন খেতে শ্রেণিকক্ষের বাইরে বেরিয়েছিল গাজিয়া। সেই সময় হঠাত্ করেই স্কুলের সীমানা পাঁচিলের একাংশ ভেঙে পড়ে। তার নীচে চাপা পড়ে ওই খুদে ছাত্রী। গুরুতর আহত অবস্থায় তাকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিত্সকরা তাকে দেখেই মৃত বলে ঘোষণা করে। স্কুল চলাকালীন ভিতরে এমন ঘটনায় স্বাভাবিকভাবেই বাকি পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আতঙ্কে রয়েছেন অভিভাবকরাও। কেন এমন ঘটল, তা জানতে প্রশাসনের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।



