Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

খানাকুলে ফলের বীজ দিয়ে রাখী তৈরি করে সবুজায়নের বার্তা স্কুল পড়ুয়াদের

নানারকম ফল ও সব্জির বীজ দিয়ে রাখী তৈরি করে তাক লাগিয়ে দিল খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ের পড়ুয়ারা। শনিবার শিক্ষক-শিক্ষিকাদের সেই রাখী তারা পরাল।

খানাকুলে ফলের বীজ দিয়ে রাখী তৈরি করে সবুজায়নের বার্তা স্কুল পড়ুয়াদের
  • ১০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, খানাকুল: নানারকম ফল ও সব্জির বীজ দিয়ে রাখী তৈরি করে তাক লাগিয়ে দিল খানাকুলের রামনগর অতুল বিদ্যালয়ের পড়ুয়ারা। শনিবার শিক্ষক-শিক্ষিকাদের সেই রাখী তারা পরাল। স্কুলের প্রধান শিক্ষক অমিত আঢ্যর পরিকল্পনায় ‘একটি রাখী, একটি প্রাণ’ নামে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পড়ুয়ারা কাঁঠাল, কুমড়ো, লিচু, লাউ, সবেদা, আতা প্রভৃতি ফল ও সব্জির বীজ দিয়ে ওই রাখী তৈরি করেছে। সেসব বীজও তারা নিজেরাই সংগ্রহ করেছে। সপ্তাহখানেক ধরে স্কুলের ক্লাস সেরে রাখী তৈরি করেছে তারা। রাখীবন্ধন উৎসবের পর পড়ুয়ারা নিজ নিজ বাড়ির উঠানে ওই বীজ রোপণ করবে।

Advertisement

প্রধান শিক্ষক বলেন, সম্প্রতি নানা জায়গায় আমরা প্রকৃতির রুদ্র রূপ দেখেছি। সবুজই একমাত্র প্রকৃতির রুদ্র রূপকে শান্ত করতে পারে। এই বার্তা দিয়েই আমরা সম্প্রীতির রাখীবন্ধন উৎসব উদযাপন করেছি।
স্কুলের অঙ্কন শিক্ষিকা অর্পিতা রানা ও শিক্ষক উজ্জ্বল ভড় ছাত্রছাত্রীদের এই পরিবেশবান্ধব রাখী তৈরি করতে শিখিয়েছেন। বিভিন্ন ক্লাসের প্রায় ১৫জন পড়ুয়া বীজ, সুতো, কাগজ দিয়ে রাখী তৈরি করেছে। এদিন পড়ুয়ারা শিক্ষকদের পাশাপাশি কয়েকশো পথচারীর হাতেও এই রাখী পরিয়েছে। তাঁদের সবাইকে রাখীর বীজ মাটিতে পুঁতে দেওয়া ও তার নিয়মিত পরিচর্যার আবেদন জানানো হয়। 
স্থানীয় বাসিন্দারা স্কুলের এই ভাবনাকে কুর্নিশ জানিয়েছেন। পড়ুয়ারা বলে, বৃক্ষরোপণের ফলে পরিবেশে দূষণ কমবে। রাখীর মাধ্যমে আমরা পরিবেশ রক্ষার বার্তা দিয়েছি। 
খানাকুলে ১৯১৭সালে রামনগর অতুল বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এখন এই বিদ্যালয়ের পড়ুয়ার সংখ্যা প্রায় ১৫০০। ১৬জন শিক্ষক-শিক্ষিকা ও দু’জন শিক্ষাকর্মী রয়েছেন। এর আগেও নানা উদ্যোগ নিয়ে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে স্কুল কর্তৃপক্ষ। 
প্রতিবছর স্কুল চত্বরে খানাকুল বইমেলা, চলচ্চিত্র উৎসব আয়োজিত হয়। স্কুল চত্বরকে নানাভাবে সাজিয়ে তোলা হয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ