নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসার জন্য আবেদনের সময়সীমা বাড়াল স্কুল সার্ভিস কমিশন। সোমবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২১ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী সোমবারই ছিল আবেদন গ্রহণের শেষ দিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহু প্রার্থী আবেদন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। সেই কারণেই এই সময়সীমা বাড়াতে হচ্ছে। তবে অন্দরের খবর, ওবিসি সংক্রান্ত জটিলতা থেকে যাওয়া এবং আশানুরূপ আবেদন জমা না পড়ার কারণেই সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এদিকে, কমিশনের নয়া নিয়োগ বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। সোমবার শুনানিতে সব পক্ষের সওয়াল-জবাব শুনেছে আদালত। শুনানিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন, ‘সুপ্রিম কোর্ট পুরনো নিয়োগ বাতিল করে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে। শীর্ষ আদালত কোথাও বলে দেয়নি যে ২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়াই নতুন করে করতে হবে।’ একই সুরে এসএসসি’র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কমিশনের আইনকে কীভাবে চ্যালেঞ্জ করা যায়? হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছে। কিন্তু কোন বিধি মেনে হবে, তা উল্লেখ করেনি।’ মামলাকারীদের আইনজীবী অনিন্দ্য মিত্র ও বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেন, ‘বিধি সংশোধন হবে কি না, সেটা এসএসসির বিষয়। তাদের ভুলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এখন ইচ্ছাকৃতভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করছে এসএসসি। সুপ্রিম কোর্ট নিয়োগটাই বাতিল করেছে। কোনও প্যানেল বাতিল করেনি। সুপ্রিম কোর্ট কোথাও বলে দেয়নি যে নতুন নিয়োগ শুরু হলে এসএসসি যোগ্যতামান বদল করতে পারবে।’