নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দাবদাহের জন্য সকালে স্কুল করার মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়াল শিক্ষা দপ্তর। ২ জুন দু’সপ্তাহের জন্য সকালে স্কুল করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে, শুক্রবার এই নির্দেশ গোটা একমাসের জন্য বহাল করল দপ্তর। যদিও, সকালে প্রাইমারি স্কুল চলায় পরিকাঠামোর অভাবে শহরাঞ্চলের অধিকাংশ স্কুল এই নির্দেশ মেনে চলতে পারছে না। তবে, যেখানে পর্যাপ্ত ক্লাসরুম রয়েছে, সেখানে ক্লাস চলছে। বিভিন্ন শিক্ষক সংগঠনের দাবি, এতে পড়ুয়াদের হাজিরা বেড়েছে। কারণ, মনোরম আবহাওয়ায় সকাল সকাল স্কুলে এসে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারছে তারা। তবে, একটু দূরে থাকা শিক্ষক-শিক্ষিকাদের অত সকালে বেরিয়ে গণপরিবহণের অভাবের মুখে পড়তে হচ্ছে। সকালে সময়মতো স্কুলে ঢোকার ক্ষেত্রে এটাই প্রধান বাধা বলে তাঁদের মত।



