সুজয় সরকার, হিলি: নাট্য চর্চার ক্ষেত্রে বালুরঘাট শহরের বিশেষ সুনাম রয়েছে। সেই ধারায় শহরের নতুন প্রজন্মের মধ্যে নাট্যচর্চার প্রসারে স্কুল ড্রামা ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর থেকে বালুরঘাট নাট্য মন্দিরে বালুরঘাট নাট্যকর্মীর উদ্যোগে তিন দিনের এই নাট্যোৎসবে শহর ও সংলগ্ন এলাকার ১২টি সরকারি ও বেসরকারি স্কুলের প্রায় দুই শতাধিক পড়ুয়া বিভিন্ন ধরনের নাটকে নিজেদের অভিনয় প্রতিভা তুলে ধরবে। প্রতিদিন গড়ে প্রায় ৪০ মিনিট সময়সীমার চারটি করে নাটক মঞ্চস্থ হবে।
বালুরঘাট শহরে দীর্ঘদিন ধরে নাট্যচর্চার সমৃদ্ধ পরম্পরা রয়েছে। একাধিক নাট্যচর্চা কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন নাট্য সংস্থা নিয়মিত নাটক প্রযোজনার মাধ্যমে নাট্য চর্চার ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই ধারায় বড়দের পাশাপাশি শহরের ছোটরাও এই ধরনের উদ্যোগে তাদের নাট্য প্রতিভা তুলে ধরার সুযোগ পাবে। বিভিন্ন সময়ে বালুরঘাটের শিশু-কিশোরদের নাটক ও অভিনয় দর্শকদের কাছে বিশেষ প্রশংসিত হয়েছে। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার প্রসারে স্কুল পড়ুয়াদের নাটমঞ্চে অভিনয়ের সুযোগ করে দিতে এই ধরনের উদ্যোগকে অংশগ্রহণকারী স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্বাগত জানিয়েছেন।
নাট্য উৎসবে অংশ অংশগ্রহণকারী স্কুল বালুরঘাট নালন্দা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সৌমিত দাস বলেন, পড়াশুনোর পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক মনন ও সৃজনশীলতার বিকাশে নাটক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে বর্তমান সময়ে মোবাইলের প্রতি আসক্তি কমিয়ে শিশুদের মননশীলতার প্রসারে নাট্যচর্চা একটি কার্যকর মাধ্যম হতে পারে। সেই লক্ষ্যে সাংস্কৃতি চর্চার বিকাশে এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে ।
উদ্যোক্তাদের অন্যতম অমিত সাহা বলেন, নাট্য চর্চার ক্ষেত্রে বালুরঘাট শহরের বিশেষ সুনাম রয়েছে। সেই ধারায় আগামী প্রজন্মকে নাটক নিয়ে উৎসাহিত ও পরিচিত করতে স্কুল পড়ুয়াদের নিয়ে স্কুল ড্রামা ফেস্টিভ্যালের আয়োজন করা হচ্ছে। এই নাট্য উৎসবে অংশগ্রহণ করার জন্য স্কুলগুলি বিশেষ উৎসাহ দেখিয়েছে।