সংবাদদাতা, বালুরঘাট: বালুরঘাট ব্লকের কাটনা জুনিয়র হাইস্কুলের (সাঁওতালি মিডিয়াম) ভবন তিনমাস আগেই তৈরি হয়েছে। কিন্তু হয়নি রাস্তা। সেজন্য চালু করা যাচ্ছে না স্কুলটি। অভিযোগ, স্কুলের পাশের সরকারি জায়গা দখল করে রেখেছেন স্থানীয়রা। ফলে রাস্তা বের করা নিয়ে সমস্যা হয়েছে। জায়গা দখলমুক্ত করতে এবার উদ্যোগী হলেন প্রশাসনের কর্তা ও জনপ্রতিনিধিরা। স্কুলের রাস্তা বের করে এবং জবরদখল মুক্ত করতে তাঁরা এদিন পরিদর্শনে আসেন। দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা বলেন, স্কুলের সামনের সরকারি জায়গা কেউ কেউ দখল করে রেখেছে। কীভাবে রাস্তা বের করা যায়, দেখা হচ্ছে। রাস্তা হয়ে গেলে নতুন ভবনে পঠনপাঠন শুরু হবে। সমগ্র শিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিক বিমল কৃষ্ণ গায়েন বলেন, ওই স্কুলের রাস্তা নিয়ে সমস্যা হয়েছে। শীঘ্রই রাস্তা করে দেওয়া হবে।



