Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্বাস্থ্যকেন্দ্রে বিশেষভাবে সক্ষমদের শংসাপত্র দিতে ক্যাম্প জানুয়ারিতে

স্বাস্থ্যকেন্দ্রে বিশেষভাবে সক্ষমদের শংসাপত্র দিতে ক্যাম্প জানুয়ারিতে
  • ১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, পুরাতন মালদহ: বিশেষভাবে সক্ষমদের জন্য নতুন বছরের জানুয়ারি মাস থেকে মালদহের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শংসাপত্র দেওয়ার ক্যাম্প হতে চলেছে। ৭ জানুয়ারি পুরাতন মালদহ ব্লকের মৌলপুর গ্রামীণ হাসপাতাল এবং ১৬ জানুয়ারি গাজোলে হাতিমারি হাসপাতালে ক্যাম্প  হবে। বাকি ১৩ টি ব্লকের বিভিন্ন হাসপাতালে নির্দিষ্ট দিনে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাম্প হবে। ব্লক প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, এক্ষেত্রে বিশেষভাবে সক্ষমদের মোবাইল নম্বর, আধার কার্ড, ছোট ছবি আনতে হবে। সেখানে অনলাইনে এন্ট্রি হবে। ক্যাম্পে মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল থেকে চক্ষু, কান, মেডিসিন, সার্জারি সহ বিভিন্ন বিভাগের টিম আসবে। তাঁরাই ধাপে ধাপে প্রক্রিয়া সম্পন্ন করবেন।
Advertisement
পুরাতন মালদহ ব্লকের স্বাস্থ্য আধিকারিক জয়দেব মজুমদার বলেন, ক্যাম্প করার জন্য একটা চিঠি পেয়েছি। তবে বিশেষভাবে সক্ষমদের পুরনো শংসাপত্র যাঁদের রয়েছে, তাদের জন্য এই ক্যাম্প নয়। তাঁদের নবীকরণ মেডিক্যালে হয়। নতুনদের জন্য ফর্ম স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং আমাদের স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যাবে। 
গাজোল ব্লক স্বাস্থ্য আধিকারিক ইনজামামুল হক বলেন, এটা দুয়ারে সরকারের ধাঁচে একটা কর্মসূচি। বিশেষভাবে সক্ষমদের শংসাপত্র নিতে জেলা মেডিক্যালে গিয়ে চিকিৎসক দেখাতে হয় এবং বোর্ড বসে। কেউ শংসাপত্র পাওয়ার যোগ্য হলে তাঁকে জেলা থেকে দেওয়া হতো। এখানে বিশেষভাবে সক্ষমদের জেলায় যেতে হবে না। ব্লক হাসপাতাল থেকে সুবিধা পাবেন।
সম্পর্কিত সংবাদ