নিজস্ব প্রতিনিধি, আসানসোল: রাখি পূর্ণিমার দিনেই দুর্গাপুরবাসী পেতে চলেছে নতুন উপহার। ওই দিন থেকে এসবিএসটিসি টাউন সার্ভিস বাস চালু করবে। স্টিল সিটির নানা প্রান্তে ছুটবে সরকারি ইলেক্ট্রিক বাস। পরিবেশবান্ধব বাতানুকূল এই বাস শহরবাসীর যাত্রাপথকে আরও স্বাচ্ছন্দ এনে দেবে। প্রাথমিক ভাবে দুটি ইলেকট্রিক বাস দিয়ে যাত্রা শুরু হবে। আসানসোল-দুর্গাপুরে টাউন সার্ভিস চালু করার জন্য এসবিএসটি মোট সাতটি ইলেক্ট্রিক বাস নামাতে চলেছে। বিভিন্ন জায়গায় চার্জিং স্টেশনও গড়ার কাজ শেষ। এবার উদ্বোধনের অপেক্ষা। রুট ও ভাড়ার বিষয়টি এখনই প্রকাশ্যে আনতে চায়নি ওই সংস্থা। তবে তারা জানিয়েছে, ওই বাস সংযুক্ত করবে দুর্গাপুর স্টেশন থেকে সিটিসেন্টার, স্টিল টাউনশিপকে। এখন দেখার এই টাউন সার্ভিস বড় আকারের ইলেকট্রিক বাস কতটা সাড়া ফেলবে দক্ষিণবঙ্গের এই আধুনিক শহরে। যদিও এনিয়ে বেশ তীর্যক প্রতিক্রিয়াই দিয়েছেন, দুর্গাপুর সাব ডিভিশনাল মিনিবাস অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অলোক চট্টোপাধ্যয়। তিনি বলেন, এমনিতেই টোটোর দাপটে মিনিবাস পরিষেবার বেহাল দশা। তার উপর যাত্রীসাথী অ্যাপ ব্যবহার করে যাত্রীরা অটো ধরে চলে যাচ্ছেন। সরকারি সংস্থা যদি টাউন সার্ভিসও চালু করে দেয় তাহলে আমাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে।



