Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সুবর্ণরেখার বালি চুরি মাফিয়াদের, আটক লরি

সুবর্ণরেখার বালি চুরি মাফিয়াদের, আটক লরি
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: সুবর্ণরেখা নদী থেকে দেদার বালি চুরি যাচ্ছে। গোপীবল্লভপুর এলাকায় রমরমিয়ে বেআইনি বালি কারবার চালাচ্ছে মাফিয়ারা। স্টকের বালি, এই চালান দেখানো হচ্ছে। কিন্তু সদ্য তোলা বালি নিয়ে যাওয়া হচ্ছে। ভিজে বালি বোঝাই লরি থেকে ঝরছে জল। মঙ্গলবার সকালে গোপীবল্লভপুর বাজারে বালি বোঝাই একটি লরি আটক করেছে প্রশাসন।
Advertisement
সুবর্ণরেখা নদী গোপীবল্লভপুর-১ ও ২ ব্লকের মাঝ বরাবর বয়ে গিয়েছে। সুবর্ণরেখা থেকে রাতের অন্ধকারে অবাধে বালি তোলা হচ্ছে। সেই বালি লরিতে করে দিনের বেলায় নিয়ে যাওয়া হচ্ছে। লরি চালকরা শুকনো বালি নিয়ে যাওয়ার ছাড়পত্র দেখাচ্ছে। কিন্তু ভিজে বালি কোথা থেকে নিয়ে আসা হচ্ছে, তার সদুত্তর দিতে পারছে না। গোপীবল্লভপুর থানা এলাকায় নো-এন্ট্রি চলাকালীনও বালি বোঝাই লরি চলাচল করছে। আটক লরি চালকের কাছে আঠাঙ্গি বালি খাদান থেকে হলদিয়া যাওয়ার ছাড়পত্র মিলেছে। লরির ভেজা বালি নদী থেকে তোলা হয়েছে কি না, তা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর খতিয়ে দেখছে। 
নাম প্রকাশে অনিচ্ছুক গোপীবল্লভপুর-২ ব্লকের চোরচিতা এলাকার এক বাসিন্দা বলেন, এই এলাকায় সুবর্ণরেখা নদী থেকে অবাধে বালি তোলা হচ্ছে। বেআইনি এই কারবারে স্থানীয় বেশ কিছু প্রভাবশালী জড়িত আছে। স্টকের যেসব বালি লরিতে নিয়ে যাওয়া হচ্ছে তাতে জল থাকার কথা নয়। তারপরেও বালি বোঝাই লরি থেকে জল ঝরছে। সাধারণ মানুষ খোলা চোখে সবই দেখতে পারছে, কিন্তু প্রশাসনের চোখে কিছুই ধরা পড়ছে না। জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিক বলেন, একটি বালি বোঝাই লরি আটক করা হয়েছে। আধিকারিকরা নিয়মিত নদী তীরবর্তী এলাকায় পরিদর্শন চালান। অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। জেলাশাসক সুনীল আগরওয়াল বলেন, গোপীবল্লভপুরে এই মুহূর্তে অনুমোদনপ্রাপ্ত কোনও বালি খাদান নেই। স্টকের বালি নিয়ে যাওয়া হতে পারে। নদী থেকে বেআইনিভাবে বালি তোলা হচ্ছে কি না, সেটা খতিয়ে দেখা হবে।
সম্পর্কিত সংবাদ