Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

স্বামীর খোঁজে কালনার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বধূ

স্বামীর খোঁজে কালনার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন বধূ
  • ১ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: সাত দিন ধরে নিখোঁজ স্বামী। কালনা থানায় অভিযোগ করেও খোঁজ না পাওয়ায় নাবালিকা মেয়েকে নিয়ে স্বামীর খোঁজে কালনার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এক গৃহবধূ। শনিবার ওই গৃহবধূ কালনা থানায় পুলিস অফিসারদের সঙ্গে দেখা করেন। এক পুলিস অফিসার বলেন, যুবকের মোবাইলের সুইচ অফ। পুলিস তদন্ত শুরু করেছে।
Advertisement
কালনা থানার সূর্যপুরের বাসিন্দা সুভাষ ঘোষ পেশায় ট্রাকচালক। তিনি কালনা বাঘনাপাড়া এলাকার পাতাইগাছি গ্রামে স্ত্রী পিঙ্কি ঘোষ ও বছর পাঁচেকের একমাত্র মেয়েকে নিয়ে ভাড়া বাড়িতে থাকেন। নদীয়ার নৃসিংহপুর এলাকায় মালিকের ট্রাক চালান সুভাষবাবু। ২৪ নভেম্বর বাড়ি থেকে কাজে যাচ্ছেন বলে বের হন। বিকেলে ফেরার কথা থাকলেও ফেরেননি। গভীর রাতে স্ত্রীকে ফোন করে সুভাষবাবু জানান তিনি আটকে পড়েছেন। নিয়ে যাওয়ার জন্য বলেন। কিন্তু কোথায় আটকে পড়েছেন তা বলেননি। পরদিন ২৫ নভেম্বর স্ত্রীকে ফোনে ফের একই কথা বলেন। তারপর থেকে মোবাইল সুইচ অফ। 
এরপর পিঙ্কিদেবী কালনা থানায় স্বামীর নিখোঁজ থাকার অভিযোগ জানান। স্বামীর ফটো নিয়ে কালনার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। তিনি বলেন, স্বামী কাজে গেলে কয়েকদিন বাইরে থাকে। ফোনে যোগাযোগ থাকে। দিন কয়েক কাজ ছিল না। ২৪ নভেম্বর সকালে কাজ আছে বলে বাড়ি থেকে বের হয়। রাতে ফোন করে বলে আমি আটকে পড়েছি। আমাকে নিয়ে যাও। কোথায় আছে কিছুই বলেনি। পরদিনও ফের ফোন করে একই কথা বলে। তারপর থেকে ফোনের সুইচ অফ। বন্ধু ও গাড়ির মালিকের কাছেও গিয়েছিলাম। তাঁরা জানান, ওই দিন স্বামীর সঙ্গে তাঁদের দেখা হয়নি। পুলিসের উপর ভরসা আছে। তাও সাধারণ মানুষের কাছে যাচ্ছি। যদি তাঁরা স্বামীর কোনও খোঁজ দিতে পারেন।
সম্পর্কিত সংবাদ