সংবাদদাতা, কান্দি: গঙ্গাস্নান করতে যাওয়ার পথে স্বামীর বাইক থেকে পড়ে মৃত্যু হল স্ত্রীর। পুলিস জানিয়েছে, মৃতার নাম সোনালি পাল(৪৯)। তিনি মুর্শিদাবাদের ভরতপুর থানার শাহবাজপুরের বাসিন্দা ছিলেন। শুক্রবার সালার-কল্যাণপুর গ্রামীণ সড়কের পূর্ব বর্ধমানের মৌগ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। পুলিস একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে শনিবার দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।
Advertisement
মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে ওই মহিলা স্বামী জিতেন পালের বাইকে কল্যাণপুর গ্রামে ভাগীরথীর ঘাটে যাচ্ছিলেন গঙ্গাস্নানের জন্য। মৌগ্রাম পেরিয়ে একটি হাম্প পেরনোর সময় তিনি বাইক থেকে পড়ে যান। মাথায় আঘাত লাগে। তাঁকে প্রথমে সালার গ্রামীণ হাসপাতাল ও পরে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। রাতে কান্দি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।



