সংবাদদাতা, বর্ধমান: বাড়ি থেকে রাগ করে বেরিয়ে পড়া স্বামীকে খুঁজতে সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে শক্তিগড় থানার পুলিস। ধৃতের নাম অর্জুন রায় ওরফে সুমন। শক্তিগড় থানা এলাকায় তার বাড়ি। ঘটনাস্থল থেকে তাকে শক্তিগড় থানায় ধরে আনা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে তোলা হয়। তদন্তকারী অফিসার কেস ডায়েরি জমা না করায় ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন সিজেএম।
Advertisement
পুলিস জানিয়েছে, শক্তিগড় থানা এলাকাতেই ওই মহিলার বাড়ি। সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ স্বামীর সঙ্গে তাঁর বিবাদ বাধে। দু’জনের মধ্যে তুমুল ঝগড়া হয়। এতে রেগে গিয়ে মহিলার স্বামী ঘর থেকে বেরিয়ে চলে যান। দীর্ঘক্ষণ না ফেরায় মহিলা তাঁকে খুঁজতে বের হন। গভীর রাতে এলাকার যুবক অর্জুনের সঙ্গে তাঁর দেখা হয়। সে সরস্বতী পুজোর অনুষ্ঠান দেখে বাড়ি ফিরছিল। মহিলা তাকে বাড়ি থেকে স্বামীর বেরিয়ে পড়ার কথা জানান। স্বামীকে খুঁজতে অর্জুনের সাহায্য চান মহিলা। অভিযুক্ত সাহায্যের আশ্বাস দেয়। এরপর খোঁজার নাম করে মহিলাকে বাড়ির পিছনে একটি ফাঁকা মাঠে টেনে নিয়ে যায়। সেখানে মহিলাকে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার জন্য জোরজবরদস্তি করে। মহিলা তাঁকে ছেড়ে দেওয়ার জন্য অনুনয়-বিনয় করেন। সেই সময় মহিলা তাঁর মোবাইল থেকে পরিচিত একজনকে ফোন করে বিষয়টি জানান। মহিলা মোবাইলটি অন করে রাখায় তাঁর পরিচিত ব্যক্তি জবরদস্তির বিষয়টি শুনতে পান। এসবের মধ্যেই জোর করে মহিলাকে অর্জুন ধর্ষণ করে বলে অভিযোগ। মহিলার পরিচিত লোকজন নিয়ে মাঠে হাজির হন। খবর পেয়ে পুলিসও সেখানে হাজির হয়। মহিলাকে মাঠ থেকে উদ্ধার করা হয়। পরে তাঁর মেডিক্যাল পরীক্ষা করানো হয়। ঘটনাস্থল থেকেই ধরে আনা হয় অভিযুক্তকে। পরে মহিলা নিজেই থানায় অভিযোগ দায়ের করেন।



