সংবাদদাতা, সিউড়ি: সিউড়ির বিবেকানন্দ গ্রন্থাগারে স্বামীজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠান হল। সোমবার সন্ধ্যায় গ্রন্থাগারের রামকৃষ্ণ সভাগৃহে এই অনুষ্ঠান হয়। সেখানে গ্রন্থাগারের সভাপতি তথা বীরভূমের জেলাশাসক বিধান রায়, রামকৃষ্ণ মিশনের বোলপুর শাখার অধ্যক্ষ স্বামী ভূদেবানন্দ মহারাজ সহ স্বামীজির আদর্শানুরাগী বহু মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিরা স্বামীজির বাল্যজীবন ও তাঁর জীবনের নানা কথা তুলে ধরেন। জেলাশাসক বলেন, জেলায় এই গ্রন্থাগারের গুরুত্ব অপরিসীম। ইংরেজ আমলের বহু ইতিহাস এই গ্রন্থাগারের সঙ্গে জড়িয়ে আছে। এই বিশেষ দিনে আমরা স্বামীজীর জীবন নিয়ে আলোচনা করলাম। তাঁর দেখানো পথেই আমাদের এগিয়ে চলতে হবে।



