Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সবুজসাথীর সাইকেল পায়নি রাজপুর হাইমাদ্রাসার ছাত্রীরা

সবুজসাথীর সাইকেল পায়নি রাজপুর হাইমাদ্রাসার ছাত্রীরা
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বিষ্ণুপুর: ছাত্ররা পেলেও ২০২৩ সালের নবম শ্রেণির ছাত্রীরা আজও সবুজসাথীর সাইকেল পায়নি। এনিয়ে তালডাংরার রাজপুর হাইমাদ্রাসার ছাত্রী ও অভিভাবকরা ক্ষুব্ধ। তাঁদের অভিযোগ, একই ক্লাসের ছাত্ররা গত বছর সাইকেল পেয়েছে। কিন্তু ছাত্রীরা পায়নি। এনিয়ে স্কুল কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে। স্কুল কর্তৃপক্ষও একাধিকবার উধ্বর্তন কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে। কিন্তু, আজ পর্যন্ত তার কোনও ব্যবস্থা হয়নি। 
Advertisement
এ প্রসঙ্গে রাজপুর হাইমাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল আজিজ আলম বলেন, আমাদের বিদ্যালয়ে ২০২৩ সালে নবম শ্রেণির ছাত্রদের সবুজসাথীর সাইকেল দেওয়া হয়েছিল। পরের ধাপে ছাত্রীদের তা দেওয়ার ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তারপর থেকে বিদ্যালয়ে সাইকেল আসেনি। এব্যাপারে প্রশাসনের কাছে চলতি বছরের আগস্ট মাসে চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু তার কোনও সদুত্তর পাইনি। সেজন্য আবারও চিঠি পাঠানো হয়েছে। এব্যাপারে বাঁকুড়া জেলা এসসিএসটি ফিনান্স ডেভেলপমেন্ট কর্পোরেশনের আধিকারিক সন্তু দাস বলেন, আমি সবে দু’মাস হল দ্বায়িত্ব নিয়েছি। রাজপুর হাইমাদ্রাসার পক্ষ থেকে সাইকেল না পাওয়ার ব্যাপারে কোনও চিঠির ব্যাপারে আমার জানা নেই। তবে বিষয়টি আমি গুরুত্ব সহকারে খোঁজ নিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ নেব। 
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমান রাজ্য সরকারের সবুজসাথী সাইকেল পড়ুয়াদের কাছে অত্যন্ত জনপ্রিয়। নবম শ্রেণিতে উঠলেই তারা কবে নতুন সাইকেল পাবে সেই অপেক্ষায় থাকে। ২০২৩ সালে রাজপুর হাইমাদ্রাসায় নবম শ্রেণিতে দুই শতাধিক পড়ুয়া ছিল। তাদের সিংহভাগই বর্তমানে দশম শ্রেণিতে পড়ছে। ওই বছর নবম শ্রেণির শতাধিক ছাত্রকে সাইকেল দেওয়া হয়। কিন্তু তাতে বাদ পড়ে যায় ১০৩ জন ছাত্রী। তাদের পরে সাইকেল দেওয়ার ব্যাপারে স্কুলের তরফে আশ্বাস দেওয়া হলেও আজও তারা তা পায়নি। এনিয়ে তাদের আক্ষেপ যেমন রয়েছে, তেমনই অভিভাবকদের মধ্যে ক্ষোভ আছে। 
সাইকেল না পাওয়া বঞ্চিত ছাত্রীদের একাংশ বলে, অন্যান্য বিদ্যালয়ের ছাত্রীরা সবুজসাথী সাইকেল নিয়ে স্কুলে যাতায়াত করছে। কিন্তু আমরা তা পেলাম না। অভিভাবকদের একাংশের বক্তব্য, সবুজসাথী সাইকেলের প্রতি ছেলেমেয়েদের একটা আলাদা আবেগ রয়েছে। আমাদের মেয়েরা তা না পাওয়ায় তাদের মন বেশ খারাপ। 
সম্পর্কিত সংবাদ