Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সবজি বিক্রেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ

সবজি বিক্রেতাকে মারধরের অভিযোগ তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: দাম নিয়ে বচসা। আর তারপরই সবজি বিক্রেতাকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের ব্লক সভাপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে আসানসোলের জামুড়িয়া ২ নম্বর ব্লকের খাস কেন্দা সবজি মার্কেটে। এই ঘটনার প্রতিবাদে বেশ কিছুক্ষণ ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভও দেখান সবজি মার্কেটের বেশ কিছু ব্যবসায়ী। বিক্ষোভকারীদের অভিযোগ, জামুড়িয়া ব্লক ২-এর তৃণমূল সভাপতি সিদ্ধার্থ রানা অন্যায়ভাবে এলাকার হাটে-বাজারে থাকা সবজি বিক্রেতাদের হুমকি দেয়। তাঁর কথার একটু নড়চড় হলেই তাঁদের ওপর চড়াও হয় বলেও অভিযোগ। সিসিটিভিতে ধরাও পড়েছে সেই ছবি। এই বিষয়ে খাস কেন্দার এক সবজি বিক্রেতা রঞ্জিত বর্নওয়ালের অভিযোগ, বাজারে সবজি বিক্রি করতে এসে তৃণমূল ব্লক সভাপতির সঙ্গে দাম নিয়ে কথা কাটাকাটি হতেই তাঁকে মারধর করেন তিনি। এই ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা জাতীয় সড়ক অবরোধ করেন। পরিস্থিতি বেশ ঘোরালো হয়ে ওঠে। সেই পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিস বাহিনী। অবরোধ তুলতে বিক্ষোভকারীদের সঙ্গে কথাও বলেন তাঁরা। এমনকী সমাধান সূত্র বের করবেন বলেও আশ্বাস দেয় পুলিস। তারপরেই ওঠে অবরোধ। অন্যদিকে, যার বিরুদ্ধে এই মারধরের অভিযোগ সেই সিদ্ধার্থ রানা অবশ্য দাবি করেছেন, এলাকায় যানজট দেখা দিচ্ছিল। সেটি এড়ানোর জন্যই খিচুড়িয়া মোড়ের খাস কেন্দা এলাকার হাটবাজারের ব্যবসায়ীদের রাস্তা ছেড়ে সবজি বিক্রি করতে বলেছিলেন তিনি। তবে কাউকে তিনি মারধর করেননি বলেই দাবি করেছেন ওই তৃণমূল নেতা।
Advertisement
সম্পর্কিত সংবাদ