নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সব্জি বিক্রেতাকে মারধর করেছেন তৃণমূলের ব্লক সভাপতি। এই অভিযোগে জামুড়িয়া থানার খাসকেন্দা এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন সব্জি বিক্রেতাদের একাংশ। যার জেরে ৪০ মিনিটের বেশি জাতীয় সড়ক স্তব্ধ হয়ে যায়। পরে পুলিসি হস্তক্ষেপে অবরোধ ওঠে। রবিবার সকালে জামুড়িয়া থানার খাসকেন্দা এলাকায় সব্জি বাজারে যান জামুড়িয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূলের ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা। বিভিন্ন ফুটপাত ব্যবসায়ীকে রাস্তা ছেড়ে ব্যবসা করার কথা বলতে থাকেন। অনেককে সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশও দেন। তখনই সব্জি বিক্রেতা রঞ্জিত বার্নওয়ালের সঙ্গে তাঁর তর্কাতকি হয়। অভিযোগ, তখনই ব্যবসায়ীকে মারধর শুরু করেন এই তৃণমূল নেতা। যেই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে(ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’)। সেখানে তা স্পষ্টভাবে দেখাও যাচ্ছে। ঘটনার পরই এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। সব্জি বিক্রেতাদের অভিযোগ, মাঝে মধ্যেই সিদ্ধার্থ রানা তাঁদের হুমকি দেন। তাঁর কথার অমান্য করলেই মারধর, গালিগালাজ করেন। এদিন রাস্তা অবরোধ করে ঘটনার প্রতিবাদ জানান তাঁরা। যদিও অভিযুক্ত ব্লক সভাপতি বলেন, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন রাস্তা জবরদখল করা যাবে না। আমি তাই বলছিলাম। কোনও মারধর করিনি। বিজেপির জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় বলেন, গরিব সব্জি বিক্রেতার প্রতি তৃণমূল নেতার এই ব্যবহারের ধিক্কার জানাচ্ছি। পুলিস অভিযোগ পর্যন্ত নেয়নি। তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, বুধবার সকালে ব্লক সভাপতিকে ডেকে পাঠানো হয়েছে। তাঁর কাছে জানতে চাওয়া হবে। তারপর পদক্ষেপ নেওয়া হবে।



