Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সুভাষগঞ্জে ডাকাতির ছক ভেস্তে দিল পুলিস, অস্ত্রসহ ধৃত চারজন

সুভাষগঞ্জে ডাকাতির ছক ভেস্তে দিল পুলিস, অস্ত্রসহ ধৃত চারজন
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রায়গঞ্জ: রায়গঞ্জ এলাকায় বড়সড় ডাকাতির ছক বানচাল করল রায়গঞ্জ থানার পুলিস। এই ঘটনায় রায়গঞ্জ শহর লাগোয়া সুভাষগঞ্জ এলাকা থেকে নাইন এমএম পিস্তল ও এক রাউন্ড গুলি সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত সুমন সরকারের বাড়ি রায়গঞ্জ শহরের কাঞ্চনপল্লী এলাকায়। এছাড়া গৌরব সরকার, সুজয় দাস এবং রাকেশ পাসোয়ান রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকার বাসিন্দা। ধৃতদের বুধবার রায়গঞ্জ জেলা আদালতে তোলা হলে বিচারক তাদের তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। দুষ্কৃতীদের দলটি স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ডাকাতির পরিকল্পনা করছিল বলে খবর পুলিস সূত্রে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ৭ থেকে ৮ জনের একটি ডাকাত দল সুভাষগঞ্জের বাজার এলাকায় জড়ো হয় ডাকাতির উদ্দেশ্যে। সেখান থেকে প্রায় ৫০ মিটার দূরে ওই ব্যাঙ্কটি থাকায় বাজারে বসেই ডাকাতির ছক কষছিল চারজন। দলটি আগ্নেয়াস্ত্রের পাশাপাশি লোহার রডও নিয়ে এসেছিল। গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিস মধ্যরাতে সুভাষগঞ্জ এলাকায় হানা দিলে দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। পুলিস সেই সময় চার জনকে আটক করলেও বাকিরা শেষপর্যন্ত পালিয়ে যায়। এই ঘটনায় অভিযুক্তদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধারের পাশাপাশি একটি বাইকও উদ্ধার হয়েছে।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পেরেছে তারা বেশ কয়েকদিন ধরে  এই ডাকাতির পরিকল্পনা করছিল। কিন্তু রায়গঞ্জের বাসিন্দা হয়েও কীভাবে সেই এলাকায় ডাকাতির ভাবনা এল, তা নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে পুলিস এখানে বিহার যোগের সম্ভাবনাও দেখছে। যে আগ্নেয়াস্ত্রটি পুলিস বাজেয়াপ্ত করেছে, সেটি বিহার থেকে আনা হয়েছে বলে অনুমান তদন্তকারীদের। এছাড়া দলটির সঙ্গে বিহারের দুষ্কৃতীরাও জড়িত বলে মনে করা হচ্ছে। অভিযুক্তদের মধ্যে সুজয় দাস ২০১৭ সালে আগ্নেয়াস্ত্র সমেত একবার গ্রেপ্তার হয়েছিল বলে পুলিস সূত্রে খবর। সব মিলিয়ে বড়সড় এই ডাকাতির চেষ্টার ঘটনায় আর কারা জড়িত রয়েছে খতিয়ে দেখছে পুলিস।
রায়গঞ্জ পুলিস জেলার অতিরিক্ত সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ধৃতদের হেফাজতে নেওয়া হয়েছে। সবটাই তদন্তসাপেক্ষ। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি অত্যাধুনিক এই আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কর্ম করার জন্য দলটি সেখানে জড়ো হয়েছিল। তবে ব্যাঙ্ক ডাকাতির পরিকল্পনার বিষয়টি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর নিশ্চিত হওয়া যাবে। গত দু’মাসে রায়গঞ্জ থানার পুলিস ৬ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বলেও অতিরিক্ত পুলিস সুপার জানান। - নিজস্ব চিত্র।
সম্পর্কিত সংবাদ