Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সেভিংস অ্যাকাউন্ট ছাড়া বাকি পরিষেবা বন্ধ দেড় মাস ধরে

সেভিংস অ্যাকাউন্ট ছাড়া বাকি পরিষেবা বন্ধ দেড় মাস ধরে
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কান্দি: সেভিংস অ্যাকাউন্টের কাজ ছাড়া খড়গ্রাম ব্লকের নগর উপ ডাকঘরে কার্যত বাকি সব পরিষেবা বন্ধ। চিঠি রেজিস্ট্রি থেকে শুরু করে বাকি পরিষেবা একেবারেই মিলছে না গত দেড়মাস ধরে। এই ঘটনায় চরম ক্ষুব্ধ বাসিন্দারা। ডাকঘর সূত্রে খবর, কর্মীর অভাবে কাজ বন্ধ রাখা হয়েছে। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নগরগ্রামেই রয়েছে একাধিক ব্যাঙ্ক থেকে বিডিও অফিস, ভূমি ও রাজস্ব দপ্তরের অফিস। রয়েছে একাধিক স্কুল ও কলেজ। প্রতিদিন এলাকার ১২টি পঞ্চায়েতের বহু মানুষ কাজের সূত্রে এখানে আসেন। এমন একটি জায়গায় পোস্ট অফিসের পরিষেবা বন্ধ থাকাটা অত্যন্ত আফশোসের বলে স্থানীয়দের মত। কিন্তু প্রায় দেড়মাস ধরে নগর উপ ডাকঘরে শুধুমাত্র সেভিংস অ্যাকাউন্টের কাজ ছাড়া বাকি কোনও কাজ হচ্ছে না বলে অভিযোগ। বিশেষ করে চিঠি ও পার্সেল রেজিস্ট্রি একেবারেই বন্ধ রয়েছে। নগরগ্রামের বাসিন্দা ইবাদুল মোমিন বলেন, একমাসের উপর হয়ে গেল পোস্ট অফিসে চিঠি রেজিস্ট্রি করা যাচ্ছে না। অফিসে গেলে কোনও উত্তরও দিচ্ছেন না পোস্ট মাস্টার। স্থানীয় বাসিন্দা তথা কান্দি মহকুমা আদালতের মুহুরি মফিজুল মণ্ডল বলেন, এখানেই বিএলএলআরও অফিস রয়েছে। জমির রেকর্ড করার জন্য প্রতিদিন প্রচুর চিঠি ও নোটিস রেজিস্ট্রি করতে হয়। কিন্তু পোস্ট অফিসে পরিষেবা পাওয়া যাচ্ছে না দেড়মাস ধরে। বাধ্য হয়ে কয়েক কিলোমিটার দূরে খড়গ্রাম কিংবা নবগ্রাম পোস্ট অফিসে গিয়ে কাজ করতে হচ্ছে। অনেক ক্ষেত্রে কান্দিতে গিয়ে চিঠি রেজিস্ট্রি করতে হচ্ছে।
এই ঘটনায় বাসিন্দারা ক্ষুব্ধ। তাঁরা দ্রুত পরিষেবা চালুর দাবি করেছেন। যদিও ওই উপ ডাকঘরের পোস্ট মাস্টার মনীশ কুমার বলেন, পরিষেবা দেওয়ার জন্য আমাদের পোস্ট অফিসের দু’টি কাউন্টার রয়েছে। কিন্তু স্টাফ বলতে আমি একাই। অন্যজন ট্রেনিংয়ে গিয়েছেন জানুয়ারির মাঝামাঝি। স্টাফ নেই বলে পরিষেবা দিতে পারছি না। চিঠি রেজিস্ট্রি বন্ধ করা হয়েছে বাধ্য হয়ে। স্টাফ পাওয়া গেলে ফের পরিষেবা চালু করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ