Bartaman Logo
১০ জুন, ২০২৬

সাভারকরের মানহানি মামলা:  নথি পেশে প্রস্তুত রাহুল, আপত্তি মামলাকারীর

সাভারকরের মানহানি মামলা:  নথি পেশে প্রস্তুত রাহুল, আপত্তি মামলাকারীর
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নয়াদিল্লি: হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকর সম্পর্কে নিজের মন্তব্যের সমর্থনে ঐতিহাসিক প্রমাণ পেশ করতে চেয়ে আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন রাহুল গান্ধী। কিন্তু এই আর্জির ঘোরতর বিরোধিতা করলেন কংগ্রেস নেতার বিরুদ্ধে মানহানির মামলাকারী। 
Advertisement
সাভারকরের মানহানি করেছেন রাহুল। এই অভিযোগে পুনের একটি আদালতে মামলা করেছেন সাভারকরের আত্মীয় সাত্যকি অশোক সাভারকর। সেই মামলার প্রেক্ষিতেই নিজের দাবি প্রমাণে আদালতে ঐতিহাসিক ঘটনাবলি ও তথ্যপ্রমাণ পেশের আর্জি জানিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা। কিন্তু বেকায়দায় পড়ে এবার এধরনের প্রমাণ পেশের ব্যাপারে তীব্র আপত্তি তুললেন সাত্যকি।
২০২৩ সালের মার্চে লন্ডনে এক ভাষণে রাহুল সাভারকরের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ সাত্যকির। সাভারকরের একটি লেখার উল্লেখ করে রাহুলের অভিযোগ ছিল, এবার এক মুসলিম ব্যক্তিকে হেনস্তার ঘটনায় তিনি উল্লসিত হয়েছিলেন। ওই মন্তব্যের প্রেক্ষিতেই লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে মামলা করেন গেরুয়া শিবিরের আইকন সাভারকরের আত্মীয়। সাত্যকির দাবি, এমন কোনও ঘটনার উল্লেখ নেই সাভারকরের কোনও লেখায়। তারই পাল্টা হিসেবে রাহুল গান্ধী আদালতে ঐতিহাসিক নথি পেশের আর্জি জানান। যদিও ফাঁপরে পড়ে সাত্যকি সেই আর্জির বিরোধিতা করলেন। 
তাঁর সাফাই, রাহুল গান্ধী ফের অপ্রাসঙ্গিক কথা বলে ইচ্ছাকৃতভাবে মোদ্দা বিষয় থেকে নজর ঘোরানোর চেষ্টা করছেন। স্বাধীনতা সংগ্রামে বীর সাভারকরের অবদান অস্বীকার করার চেষ্টা করছেন তিনি। ঘটনাচক্রে, চলতি মাসেই পুনের আদালত মানহানির এই মামলায় রাহুলকে ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই দিয়েছে।    
Advertisement
সম্পর্কিত সংবাদ