সংবাদদাতা, নাগরাকাটা: রবিবার বিকেলে নাগরাকাটা থানার এক সিভিক ভলান্টিয়ারের অস্বাভাবিক মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত সিভিকের নাম গুড্ডু সিং (৩৫)। বাড়ি নাগরাকাটা থানার কাছেই বিজয়নগরে। ওই সিভিক সকাল ৮টা দুপুর ২টো পর্যন্ত ডিউটি এদিন করেন। বাড়ি ফিরে খাওয়াদাওয়া সেরে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎই তাঁর পেটে যন্ত্রণা শুরু হয়। পরিবারের লোকেরা তাঁকে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। আজ, সোমবার দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিস।



