সংবাদদাতা, ঝাড়গ্রাম: এই প্রথম পাকা রাস্তা পাচ্ছে মানিকপাড়া গ্রামপঞ্চায়েতের লালগেড়িয়া গ্রামের উত্তরপাড়ার বাসিন্দারা। এতে অত্যন্ত খুশি গ্রামবাসীরা। মানিকপাড়া গ্রামপঞ্চায়েত থেকে সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে এখানে ১১৮ মিটার ঢালাই রাস্তা তৈরি শুরু হয়েছে। আগামী ৩-৪ দিনের মধ্যেই কাজ শেষ হবে বলে জানান মানিকপাড়া পঞ্চায়েতের প্রধান শত্রুঘ্ন মাহাত।
Advertisement
প্রসঙ্গত, লালগেড়িয়া গ্রামের উত্তরপাড়ায় ২৩টি পরিবারের বাস। স্বাধীনতার পর থেকে এই গ্রামে কখনও পাকা রাস্তা হয়নি। এর আগে মানিকপাড়া পঞ্চায়েতটি বিজেপির দখলে ছিল। সাধারণ মানুষের সমস্যা নিয়ে তারা মাথা ঘামায়নি। এবারে তৃণমূল এই পঞ্চায়েতে ক্ষমতায় এসেছে। গত লোকসভা ভোটের ‘দিদির দূত’ কর্মসূচিতে লালগেড়িয়া গ্রামের পাশে রাশুয়া গ্রামে গিয়ে রাত কাটান মন্ত্রী বীরবাহা হাঁসদা। তখনই লালগেড়িয়ার বাসিন্দারা এই রাস্তাটি পাকা করার জন্য মন্ত্রীকে বলেন। সেই সঙ্গে দোকানির খালের উপর সেতু নির্মাণ করে গুইমারা গ্রামের সঙ্গে লালগেড়িয়া যোগাযোগের রাস্তা তৈরির আবেদন জানানো হয়। এক বাসিন্দা বলেন, দেশ স্বাধীনের পর এই প্রথম আমরা পাকা ঢালাই রাস্তা পাচ্ছি। সত্যি বলতে কি, এই পাড়ার দিকে সিপিএম কিংবা বিজেপি পরিচালিত পঞ্চায়েত কখনও ফিরেও তাকায়নি। অথচ এই রাস্তা দিয়ে লালগেড়িয়া, গুইমারা গ্রামের চাষিরা তাদের ফসল ঘরে তোলে। তৃণমূল প্রধান বোর্ড গঠন করেছে বলে এই রাস্তা আমরা পাচ্ছি। মানিকপাড়া পঞ্চায়েত প্রধান শত্রুঘ্ন মাহাত আরও বলেন, আমরা এই পঞ্চায়েতে ক্ষমতায় আসার পর এলাকায় এরকম ১৫টি ঢালাই রাস্তা হয়েছে। আমাদের সরকার মানুষকে প্রতিশ্রুতি দিলে তা পূরণ করে। লালগেড়িয়ার ওই রাস্তার কাজ আগামী ৩-৪ দিনের মধ্যেই শেষ হবে।



