Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সবংয়ে টাকার বিনিময়ে রেশন ডিলারশিপ দেওয়ার সুপারিশ, পরিদর্শককে শোকজ  

সবংয়ে টাকার বিনিময়ে রেশন ডিলারশিপ দেওয়ার সুপারিশ, পরিদর্শককে শোকজ
 
  • ১১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: খাদ্য সরবরাহ দপ্তরের সবং ব্লকের পরিদর্শক শঙ্করপ্রসাদ সিংকে শো-কজ করল জেলা খাদ্য সরবরাহ দপ্তর। টাকার বিনিময়ে রেশনের ডিলারশিপ পাইয়ে দেওয়ার জন্য সুপারিশ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। জেলা খাদ্য নিয়ামক অরবিন্দ সরকার বলেন, ওই পরিদর্শককে শো-কজ করা  হয়েছে। প্রয়োজনে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে বিভাগীয় তদন্ত হবে। তিনি বলেন, এদিনই নতুন পরিদর্শক হিসেবে কমলাপতি মুখোপাধ্যায় দায়িত্ব নিয়েছেন। আবার নতুন করে তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রয়োজনে জেলা থেকে প্রতিনিধিরা গিয়ে তদন্ত করে সুপারিশ করবেন। 
Advertisement
বৃহস্পতিবার সবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওই পরিদর্শকের বিরুদ্ধে লিখিত ভাবে জেলা খাদ্য নিয়ামকের কাছে অভিযোগ জানানো হয়। অভিযোগ, লক্ষ লক্ষ টাকা নিয়ে রেশনের ডিলারশিপ পাইয়ে দেওয়া জন্য পরিদর্শক সুপারিশ করেছেন। একটি অডিও থেকে তারা এটা জানতে পেরেছে। 
ওই দিনই ব্লক তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকরা পরিদর্শক অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়। প্রায় পাঁচ ঘণ্টা ধরে বিক্ষোভ চলে। পরে খড়্গপুর মহকুমা খাদ্য নিয়ামক ঘটনাস্থলে আসেন। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়। 
প্রসঙ্গত সবং ব্লকের রাউতারাবাড়, মশাগ্রাম, সবং, লাক্ষা, রুইনান ও বড়সাহারা গ্রামে নতুন রেশন ডিলার নেওয়া হবে। নিয়ম মতো আবেদন খতিয়ে দেখে পরিদর্শক একটি সুপারিশ তালিকা জেলাকে পাঠায়। এক্ষেত্রেও পরিদর্শক সহ ছ’জনের একটি প্রতিনিধি দল তদন্ত করে একটি সুপারিশ তালিকা জেলায় পাঠিয়েছে। আর এখানেই উঠেছে অস্বচ্ছতার অভিযোগ। 
সম্পর্কিত সংবাদ