সংবাদদাতা, মেদিনীপুর: লক্ষ লক্ষ টাকার বিনিময়ে রেশন ডিলারশিপ পাইয়ে দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। সবং পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষরা খাদ্য সরবরাহ দপ্তরের ব্লকের পরিদর্শকের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার তাঁরা জেলা খাদ্য নিয়ামকের কাছে লিখিত অভিযোগ জানান। তাতে বলা হয়েছে আমরা গোপন সূত্র ও একটি অডিও মারফত জানতে পেরেছি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ওই পরিদর্শক তাঁর ঠিক করা লোকদের ডিলারশিপ পাইয়ে দেওয়ার জন্য আপনার কাছে সার্ভে রিপোর্ট জমা দিয়ে সুপারিশ করেছেন।
Advertisement
চিঠিতে তাঁরা ওই পরিদর্শকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ওই তালিকা বাতিল করে নতুনভাবে তদন্ত করে আবার তালিকা তৈরির দাবি জানিয়েছেন। এই অভিযোগে এদিন সকাল থেকে তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকরা পরিদর্শকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায়। প্রায় পাঁচ ঘণ্টা পর বিক্ষোভ ওঠে। জেলা খাদ্য নিয়ামক অরবিন্দ সরকার বলেন, এরকম একটা খবর পেয়েছি। খড়্গপুরের মহকুমা খাদ্য নিয়ামককে বিষয়টি জেনে রিপোর্ট দিতে বলা হয়েছে। তৃণমূলের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবুকালাম বক্স বলেন, আমাদেরও দাবি ওই পরিদর্শকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। তদন্ত করে নতুন তালিকা তৈরি করতে হবে। তিনি বলেন, টাকার বিনিময়ে ডিলার নিয়োগের তালিকা তৈরি হয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি। দপ্তর সূত্রে খবর পরিদর্শকের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল তদন্ত করে ওই তালিকা তৈরি করেন। তা পাঠানো হয় জেলা খাদ্য নিয়ামকের কাছে।



