Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সব শেষ! ফোন করার পর যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার

সব শেষ! ফোন করার পর যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, ইটাহার ও রায়গঞ্জ: সব শেষ! শনিবার সকালে ফোনে এক দিদিকে সেকথা বলেছিলেন যুবতী। তারপর নিজের ঘর থেকে উদ্ধার হল দ্বাদশ শ্রেণির ছাত্রীর দেহ। রবিবার বিকেলে ময়নাতদন্তের পর দেহ কোকনা গ্রামে ফেরার পর মেয়েকে ব্ল্যাকমেল করা হয়েছে বলে অভিযোগ করলেন পরিজনরা। ফলে এই মৃত্যুকে কেন্দ্র করে দানা বেঁধেছে রহস্য। অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্তে নেমেছে ইটাহারের পুলিস। পুলিস ও পরিবার সূত্রে খবর, গত শনিবার দুপুরে ইটাহারের কোকনা গ্রামের বাসিন্দা বাসুদেব সরকারের মেয়ে মনীষা সরকারের (১৮) ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সেই সময় মা ও দাদা বাড়িতে ছিলেন না। নাতনিকে ডাকতে গিয়ে দিদা দেখেন ঘরে দেহ ঝুলছে। ইটাহারের পুলিস গিয়ে দেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যালের মর্গে পাঠায়। মনীষার বাবা বাসুদেব পরিযায়ী শ্রমিক। মেয়ের মৃত্যুর খবর পেয়ে ভিনরাজ্য থেকে রবিবার দুপুরে তিনি বাড়ি ফিরে আসেন। বাসুদেব বলেন, বাড়িতে এসে জানতে পারলাম কুশমণ্ডির এক যুবক মেয়েকে ব্ল্যাকমেল করছিল। পাশাপাশি আরও একটি ছেলে ফোন করত। কেন এমনটা হল বুঝতে পারছি না। মেয়ের ফোন নিয়ে গিয়েছে পুলিস। আমরা সোমবার দুই যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাব। পরিজনদের কথাতেও উঠে এসেছে ব্ল্যাকমেলের তত্ত্ব। তাঁদের দাবি, বছরখানেক আগে মনীষার সঙ্গে কুশমণ্ডির এক যুবকের বন্ধুত্ব ছিল। তার সঙ্গে কথাও বলতেন যুবতী। যুবকও মাঝেমধ্যে কোকনা গ্রামে আসত। মাসতিনেক ওই যুবকের সঙ্গে মনীষা কোনও যোগাযোগ রাখতেন না। তবে, যুবক নাকি মনীষাকে ফোন করে বিরক্ত করতেন। বিয়ে না করলে ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন বলে সঙ্গীদের জানিয়েছিলেন মনীষা। সম্পর্কের টানাপোড়েনে মনীষা এমন চরম সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে করছেন পরিজনরা। কারণ শনিবার সকালে মনীষা তাঁর এক দিদিকে ফোনে বলেন, সব শেষ হয়ে গেল। পুলিস জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা করে তদন্ত শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ