সংবাদদাতা,মেদিনীপুর: বড়দিনের রাতে বুধবার সবং ও খড়্গপুর লোকাল থানা এলাকায় দুটি পৃথক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়। জখম হয়েছেন দু’জন। বৃহস্পতিবার দুপুরে খড়্গপুর মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়। পুলিস দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে খড়্গপুর লোকাল থানার চাঙ্গোয়ালের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কে একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। গুরুতর জখম হন বাইকে থাকা তিন যুবক। তাদের উদ্ধার করে খড়্গপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে এক জনকে মৃত বলে ঘোষণা করা হয়। তাঁর নাম রাজু মাইতি(৩৫)। বাড়ি লোকাল থানা এলাকারই সাঁকোয়া গ্রামে। দু’জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে দেওয়া হয়। সবংয়ের দেহাটি বাজারের কাছে একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাঁশের ব্যারিকেটে ধাক্কা মেরে উল্টে যায়। স্থানীয়রা বাইক আরোহীকে রক্তাক্ত অবস্থায় সবং গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। মৃতের নাম জগন্নাথ রাণা(২৫)। বাড়ি দুরিয়া গ্রামে।



