Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

সবংয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসাকারীদের খুঁজে বের করার নির্দেশ দিলেন মানস

সবংয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসাকারীদের খুঁজে বের করার নির্দেশ দিলেন মানস
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মেদিনীপুর: যাঁরা মুখ্যমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে কুৎসা করছে তাঁদের খুঁজে বের করার নির্দেশ দিলেন মন্ত্রী মানস ভুঁইয়া। ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বুধবার বিকেলে সবংয়ে বিজয়া সম্মেলনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই নির্দেশ দেন। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন, ওইসব বেইমানদের খুঁজে বার করতে হবে। ব্লক সভাপতি তথা জেলাপরিষদের কর্মাধ্যক্ষ আবুকালাম বক্স বলেন, ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে সিপিএম ও বিজেপি ছেড়ে দু’শতাধিক পরিবার এদিন তৃণমূলে যোগ দেন। মন্ত্রী মানস ভুঁইয়া তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন। ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাইত, চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক রাধাকান্ত মাইতি, প্রাক্তন বিধায়ক গীতারানি ভুঁইয়া সহ জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েক হাজার কর্মী সমর্থক অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠান এদিন সমাবেশে চেহারা নেয়। সিপিএম নেতা চন্দন গুছাইত বলেন, ওরা তো বলে সিপিএম নেই, শেষ হয়ে গিয়েছে। তাহলে এখন সিপিএম পেল কোথা থেকে। আর যারা সকালে তৃণমূল তারাই তো রাতে বিজেপি। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বলেন, তৃণমূলের লোকদেরই বিজেপি সাজিয়ে দলে নেওয়ার নাটক হচ্ছে। মানসবাবু বলেন, যারা এদিন দলে যোগ দিলেন তাদের উন্নয়নের কাজে, দলের কাজে লাগনো হবে। তিনি বলেন, গত ২৬ অক্টোবর এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু সাইক্লোন ‘ডানা’র প্রভাবে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা থাকায় সেই সময় অনুষ্ঠান বাতিল করা হয়। সেই অনুষ্ঠান এদিন করা হল। 
Advertisement
সম্পর্কিত সংবাদ