সংবাদদাতা, মেদিনীপুর: সবং বিডিও অফিস চত্বরে ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় শনিবার থেকে ‘শিল্পের সমাধানে’ শিবির শুরু হয়েছে। এদিন ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের উদ্যোগে আয়োজিত শিবিরের উদ্বোধন করেন মন্ত্রী মানস ভুঁইয়া। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের মানুষের জন্য নানা পরিকল্পনা গ্রহণ করছেন। তাই সারা দেশের রাজনৈতিক নেতৃত্ব তাঁকে অনুসরণ করেন। তাঁদের রাজ্যে এসব পরিকল্পনা গ্রহণ করে মানুষকে দিশা দেওয়ার চেষ্টা করেন। শুক্রবার পর্যন্ত শিবির চলবে। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবুকালাম বক্স বলেন, শিবিরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের নাম নথিভুক্ত করা হচ্ছে। নাম নথিভুক্ত করার পর দপ্তরের তরফে তাঁদের কার্ড দেওয়া হবে। সেই কার্ড দেখিয়ে উপভোক্তারা সরকারি সাহায্য পাবেন।



