সংবাদদাতা, মেদিনীপুর: সবংয়ের দু’টি সমবায়ের নির্বাচনে প্রার্থী দিতে পারল না বিরোধীরা। মঙ্গলবার ছিল নবরঙ্গপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি ও পেড়ুয়া কৃষি উন্নয়ন সমবায় সমিতির মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। দু’টিতেই ন’টি করে আসন ছিল। দু’টি সমবায়ে বিরোধী দলের কোনও প্রার্থী মনোনয়ন জমা করেননি। ফলে দু’টি সমবায়েই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় তৃণমূল। সবুজ আবির উড়িয়ে উচ্ছ্বাসে মাতে তৃণমূল শিবির। ব্লক তৃণমূল সভাপতি আবুকালাম বক্স বলেন, তৃণমূলের প্রতি মানুষের সমর্থন আরও একবার প্রমাণিত হল। মানুষ সঙ্গে নেই বলে বিরোধীরা কোনও প্রার্থী দিতে পারেনি। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস বলেন, এব্যাপারে আমার কিছু জানা নেই। সিপিএম নেতা চন্দন গুছাইত বলেন, এ আর নতুন কী? সব জায়গায় যা হচ্ছে এখানেও তাই হয়েছে। আমাদের মনোনয়ন জমা করতে দেওয়া হয়নি।



