সৌম্য বন্দ্যোপাধ্যায়, মেদিনীপুর: ক্রিকেট জ্বরে কাঁপছে সবং। এলাকার বিধায়ক তথা মন্ত্রী মানস ভুঁইয়ার উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে তিনদিন ব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা। নাম দেওয়া হয়েছে ডিডি মেমোরিয়াল গোল্ড কাপ। আগামী ২৫, ২৬ ও ২৭ ফেব্রুয়ারি সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ের মাঠে এই প্রতিযোগিতা হবে। সহযোগিতায় পল্লিশ্রী ক্লাব ও সবং স্পোর্টস অ্যাসোসিয়েশন। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবুকালাম বক্সকে সভাপতি করে তৈরি হয়েছে কমিটি। তাদের দাবি এই প্রতিযোগিতা বাংলার সবচেয়ে বিগ বাজেটের ক্রিকেট প্রতিযোগিতা। এর আগেও অবশ্য এদের উদ্যোগে ক্রিকেট প্রতিযোগিতা হয়েছে। তবে এতবড় উদ্যোগ আগে কখনও নেওয়া হয়নি। সবং সহ পাশাপাশি এলাকার ক্রিকেটপ্রেমী মানুষ এই প্রতিযোগিতা দেখার জন্য অধীর আগ্রহে দিন গুনছেন। কলেজ মাঠে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। বাঁধা হচ্ছে মঞ্চ। তৈরি করা হচ্ছে বাইস গজের পিচ। সভাপতি বলেন, প্রতিযোগিতার উদ্বোধন করবেন মানসবাবু। ২৭ তারিখ পুরস্কার বিতরণের দিন উপস্থিত থাকবেন প্রাক্তন ক্রিকেটার তথা তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। মানসবাবু ছাড়াও ওই দিন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি, জেলাশাসক খুরশীদ আলি কাদরি, পুলিস সুপার ধৃতিমান সরকার সহ পুলিস, প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। খেলায় মোট আটটি দল অংশ নেবে। মোট দশ ওভারের খেলা হবে। খেলায় অংশ নেওয়ার জন্য প্রতিটি দলকে ১৫ হাজার টাকা করে এন্ট্রি ফি দিতে হবে।
Advertisement
তিনি বলেন, প্রতিযোগিতায় যে দল চাম্পিয়ন হবে তাদের নগদ চার লক্ষ ও, গোল্ডেন কাপ ও রানার্স দলকে নগদ তিন লক্ষ টাকা ও সিলভার কাপ দেওয়া হবে। এছাড়াও ম্যান অব দা ম্যাচকে গিফট ও ট্রফি এবং ম্যান অব দা সিরিজকে নগদ ২০ হাজার টাকা দেওয়া হবে। তিনি বলেন, এই খেলা দেখতে সবং ছাড়াও পিংলা, ডেবরা, খড়্গপুর সহ বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় জমাবেন। ভিড় সামাল দেওয়ার জন্য পুলিসের সহযোগিতা চাওয়া হয়েছে। থাকবে স্বেচ্ছাসেবকও। তিনি আশাবাদী সকলের সহযোগিতায় এই খেলা সুষ্ঠু ভাবে পরিচালনা করা সম্ভব হবে।
(চলছে প্রস্তুতি-নিজস্ব চিত্র)
(চলছে প্রস্তুতি-নিজস্ব চিত্র)



