সংবাদদাতা, রামপুরহাট: এসআইআরের জেরে একজনও বৈধ ভোটারের নামও বাদ গেলে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন টলিউড অভিনেত্রী তথা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে রামপুরহাট পুরসভার মাঠে শহর তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনিতে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, এসআইআর একটা চক্রান্ত। আমাদের সতর্ক থাকতে হবে। একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে মা, মাটি মানুষ ও তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করব। বাংলায় এসব নাটক করতে দেব না। পরিযায়ী শ্রমিকদের হেনস্তা নিয়েও তিনি সরব হন। পাশাপাশি প্রধানমন্ত্রীকে ‘প্রচারমন্ত্রী’ বলেও কটাক্ষ করেন সায়ন্তিকা। এসআইআর নিয়ে রামপুরহাটের বিধায়ক তথা দলের জেলা চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, ভয়ঙ্কর খেলায় নেমেছে বিজেপি। এসআইআরের নাম করে যাতে কোনও বৈধ ভোটার বাদ না যান, সেটা দেখতে হবে। কেন্দ্র বলছে, শুরু হবে। কিন্তু অনেকেই জানেন না ইতিমধ্যে বিএলওরা ঘরে ঘরে যেতে শুরু করেছেন। আমাদের সতর্ক নজর রাখতে হবে। জোর করে কারও নাম বাদ দেওয়ার চেষ্টা হলে আমাদের লড়াই করতে হবে। এদিন সম্মিলনি শেষে এসআইআর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সায়ন্তিকা বলেন, বিহারে এসআইআরের পর যে ভোটার তালিকা আমরা পেয়েছি তা দেখে মনে হচ্ছে না নির্বাচন কমিশন বৈধভাবে ভোট পরিচালনার পরিকল্পনা করছে। এভাবে পিছনের দরজা দিয়ে বাংলাকে গ্রাস করতে দেব না। তৃণমূল কংগ্রেস রুখে দাঁড়াবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান সৌমেন ভকত, দলের টাউন সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি, আইএনটিটিইউসির জেলা সভাপতি ত্রিদিব ভট্টাচার্য, জেলা যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলীয় কাউন্সিলার ও পদাধিকারীরা। • রামপুরহাট তৃণমূলের বিজয়া সম্মেলনীর মঞ্চে প্রধান অতিথি বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে আশিস বন্দ্যোপাধ্যায়। -নিজস্ব চিত্র



