Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

অনুশীলন শুরু সাউলের

যুবভারতীতে পড়ন্ত বিকেল। মিঠে রোদ গায়ে মেখে প্র্যাকটিসে নেমে পড়লেন লাল-হলুদ ফুটবলার।

অনুশীলন শুরু সাউলের
  • ১৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুবভারতীতে পড়ন্ত বিকেল। মিঠে রোদ গায়ে মেখে প্র্যাকটিসে নেমে পড়লেন লাল-হলুদ ফুটবলার। ওয়ার্ম আপ শেষ হতেই সাউল ক্রেসপোর দিকে এগিয়ে গেলেন কোচ অস্কার ব্রুজোঁ। বেশ কিছুক্ষণ হাল্কা মেজাজেই চলল দুই স্প্যানিশের কথোপকথন। সুপার কাপের ডার্বিতে চোট পেয়েছিলেন ক্রেসপো।  রিহ্যাবের সেরে  সোমবারই অনুশীলনে নেমে পড়লেন। ম্যানেজমেন্টকে স্বস্তি দিয়ে পুরোদমে প্র্যাকটিসও সারলেন। স্প্যানিশ মিডিও শিবিরে যোগ দেওয়ায় ইস্ট বেঙ্গল শিবিরও ফুরফুরে। পাশাপাশি অসুস্থতা সারিয়ে এদিন অনুশীলনে ছিলেন গোলরক্ষক প্রভসুখন গিলও। তবে তিনি বেশিরভাগ সময় সাইড লাইনে জগিং করলেন।

Advertisement

ইস্ট বেঙ্গলের মাঝমাঠের নিউক্লিয়াস এই সাউল ক্রেসপো। মিগুয়েল, রশিদের সঙ্গে তাঁর ত্রিভুজই কোচ ব্রুজোঁর প্রধান অস্ত্র। তবে  স্প্যানিশ মিডিও খুবই চোটপ্রবণ। গত দু’বছরে মাঠের থেকে রিহ্যাবে বেশি সময় কাটিয়েছেন তিনি। তাই তাঁর ফিটনেস নিয়েই যাবতীয় চিন্তা লাল-হলুদ শিবিরের। এদিন সিচুয়েশন প্র্যাকটিসেও তিন মিডিওকে রেখে পরখ করে নিলেন হেড কোচ। পাশাপাশি উইং প্লে’তেও জোর দিতে দেখা গেল কোচকে। আক্রমণভাগে হিরোশি, হামিদও একাধিকবার জাল কাঁপালেন। শেষদিকে প্লেয়ারদের দু’দলে ভাগ করে কিছুক্ষণ ম্যাচ প্র্যাকটিসও চলল। গোয়াতে ইস্ট বেঙ্গল সুপার কাপ খেলবে ৪ ডিসেম্বর। মেগা ম্যাচের প্রস্তুতির জন্য হাতে পর্যাপ্ত সময় রয়েছে। তাই এদিন রিজার্ভ দলের প্লেয়ারদেরও ঝালিয়ে নিলেন ব্রুজোঁ। কোথাও ভুল হলে সায়ন-জেসিনদের সঙ্গে আলাদা করে কথা বলতেও দেখা গেল তাঁকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ