নিজস্ব প্রতিনিধি, বজবজ: এখনও সেভাবে কথা ফোটেনি। তবে প্রখর স্মৃতিশক্তির কারণে ইতিমধ্যেই ইন্ডিয়ান বুক অব রেকর্ডসে নাম তুলে ফেলেছে বাইশ মাসের শ্রেয়াংশ। একবার কোনও জিনিস দেখলে কিংবা গল্প শুনলেই হল, এক মাস বা দু’মাস পরে তাকে সেই পুরোনো ছবি বা কোনও জিনিস দেখালে কখনও ইশারায় আবার কখনও আঙুল দিয়ে টপাটপ দেখিয়ে দেয় সেটি। তার প্রতিভার স্বীকৃতি স্বরূপ নাম উঠেছে ওই রেকর্ড বইয়ে। শ্রেয়াংশ চট্টোপাধ্যায়ের বাড়ি ঠাকুরপুকুর-মহেশতলা ব্লকের সীমান্ত ঘেঁষা সরশুনার ১২ রাম রোডে। বাবা-মা দু’জনেই চাকরিজীবী। শ্রেয়াংশ এই দম্পতির একমাত্র সন্তান। সব মিলিয়ে ২৫ দেশের পতাকা, ২৪ ধরনের পেশা, ২০টি ফল, ১৫ ধরনের সবজি, ১১টি ফুল, ১৩টি গাড়ি, পশু ও পাখি মিলিয়ে ১৫টি, ৯টি রং, ৬টি কীটপতঙ্গ, ১১টি বাদ্যযন্ত্র, পৃথিবীর সপ্তম আশ্চর্য, ৭ জন স্বাধীনতা সংগ্রামী, ইংরেজি বর্ণমালা, ১ থেকে ১০ অবধি সংখ্যা, শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের ছবি চিনতে পারে শ্রেয়াংশ। শ্রেয়াংশের এই প্রতিভার কথা ইন্ডিয়ান বুকস অব রেকর্ডস কর্তৃপক্ষকে জানায় পরিবার। তাদের কাছে অনলাইনে পাঠানো হয়েছিল আবেদন। সঙ্গে দেওয়া হয়েছিল অসংখ্য ভিডিও। সে সব দেখার পর ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনলাইনে ছেলের পরীক্ষা নেওয়া হয়েছে। তাতে সফল হয় শ্রেয়াংশ।



