Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

১০ কেজি ওজন কমিয়েছেন সরফরাজ

১০ কেজি ওজন কমিয়েছেন সরফরাজ
  • ১৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে অভিষেকেই নজর কেড়েছিলেন সরফরাজ খান। কিন্তু তারপর থমকে গিয়েছে তাঁর টেস্ট কেরিয়ার। অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্টের সিরিজে দলে থাকলেও খেলেননি কোনও ম্যাচ। আইপিএলেও নেই কোনও দলে। এই পরিস্থিতিতে ইংল্যান্ড সফরের ভারত ‘এ’ দলে সুযোগ পেয়েছেন ২৭ বছর বয়সি ব্যাটার। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সেখানে দুটো টেস্ট রয়েছে। তার প্রস্তুতিতেই এখন ব্যস্ত সরফরাজ। বাবা নৌশাদ খানের তত্ত্বাবধানে নেটে ঘমা ঝরাচ্ছেন তিনি। কঠোর ডায়েটও মেনে চলছেন। সেই সুবাদে গত ছ’মাসে ১০ কেজি ওজন কমেছে।

Advertisement

কী রয়েছে সরফরাজের ডায়েটে? জানা গিয়েছে, সেদ্ধ শাক-সব্জি ও চিকেন খাচ্ছেন তিনি। তেল-মশলা একেবারে বন্ধ। পাশাপাশি দিনে দু’বেলা করে চলছে নেট। বিশেষ করে অফস্টাম্পের বাইরের ডেলিভারি সামলানোয় জোর দেওয়া হচ্ছে। চতুর্থ স্টাম্প লক্ষ্য করে বল করা হচ্ছে তাঁকে। ইংল্যান্ডে খেলা মানেই সুইংয়ের মোকাবিলা, তা মাথায় রেখেই চলছে অনুশীলন। 
ক্রিকেট মহলে অতিরিক্ত ওজনের জন্য বার বার সমালোচিত হয়েছেন সরফরাজ। অনেকেই তাঁকে ‘ফ্যাট’ বলে কটাক্ষ করেছেন। বলা হয়েছে, সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেট খেলার মতো ফিটনেস নেই। কিংবদন্তি সুনীল গাভাসকর অবশ্য বরাবর পাশে দাঁড়িয়েছেন তাঁর। সানির যুক্তি, শরীরের ওজনের থেকে ক্রিকেটারের পারফরম্যান্স ও ফিটনেস বেশি গুরুত্বপূর্ণ। তবে যেভাবে তিনি ১০ কেজি ওজন কমিয়েছেন, তাতে সমালোচকরা মুখ বন্ধ রাখতে বাধ্য হবেন। এখন আর তাঁকে মোটা বলা যাচ্ছে না। অবশ্য সরফরাজের পুরো পরিবারই এখন ওজন কমানোর প্রক্রিয়ার মধ্যে রয়েছে। বাবা নৌশাদ যেমন গত মাসে ১২ কেজি ঝরিয়ে ফেলেছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ