Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

দীপিকাকে কটাক্ষ?

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার নিশানায় এবার অভিনেত্রী দীপিকা পাড়ুকোন? বলিউডের জল্পনা তেমনই ইঙ্গিত দিচ্ছে।

দীপিকাকে কটাক্ষ?
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার নিশানায় এবার অভিনেত্রী দীপিকা পাড়ুকোন? বলিউডের জল্পনা তেমনই ইঙ্গিত দিচ্ছে। ইন্ডাস্ট্র্রির একাংশের ধারণা, নাম না করেই অভিনেত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন সন্দীপ। সোমবার রাতে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন সন্দীপ। তিনি লিখেছেন, ‘একজন অভিনেতাকে সম্পূর্ণ বিশ্বাস করেই ছবির গল্প বলি। তাঁর উপর আমি একশো শতাংশ ভরসা করি, যে তিনি গল্পটি ফাঁস করবেন না। তবে এই কাজ করে বুঝিয়ে দিলেন, আপনি মানুষ হিসেবে কেমন!’ এরপরই নারীবাদ নিয়ে প্রশ্ন তুলেছেন সন্দীপ। তাঁর কথায়, ‘আপনার নারীবাদ কি এটাই শেখায়? বছরের পর বছর পরিশ্রম করে একটা ছবি তৈরি করি। আমার জন্য চলচ্চিত্র নির্মাণই সবকিছু। আপনি এটি পাননি। কখনওই পাবেন না।’ 

Advertisement

পোস্টে কারও নাম উল্লেখ করেননি সন্দীপ। তারপরও কেন মনে করা হচ্ছে, এটি দীপিকার উদ্দেশে লেখা? আসলে, কয়েকদিন আগেই জানা গিয়েছে, সন্দীপের ‘স্পিরিট’ ছবিটি ছাড়ছেন দীপিকা। তাঁর পরিবর্তে প্রভাসের বিপরীতে দেখা যাবে তৃপ্তি দিমরিকে। দীপিকা নাকি ছবির জন্য প্রায় ২০ কোটি টাকা চেয়েছিলেন। পাশাপাশি বেশ কিছু শর্ত চাপিয়েছিলেন বলে শোনা যায়। সেই তুলনায় অনেক কম পারিশ্রমিক নিয়ে ছবিটি করতে রাজি হয়েছেন তৃপ্তি। সন্দীপের ‘অ্যানিমাল’ ছবি তাঁর কেরিয়ারের চাকা ঘুরিয়ে দেয়। ফলে তৃপ্তিকে নিয়ে আত্মবিশ্বাসী সন্দীপও। এই আবহে সোশ্যাল মিডিয়ায় ‘স্পিরিট’ ছবির গল্প প্রকাশ্যে আসে। জানা যায়, ছবিতে একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করবেন তৃপ্তি। পাশাপাশি প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি হবে সিনেমাটি। শ্যুটিং শুরুর আগেই এই খবর প্রকাশ্যে আসায় ক্ষুব্ধ পরিচালক। সে কারণেই কি নাম না করে দীপিকাকে কটাক্ষ করলেন সন্দীপ? তবে যে পরিচালকের ছবিতে নারীদের অত্যাচারিত ও পুরুষদের ‘ছায়াসঙ্গী’ হিসেবে তুলে ধরা হয়, তিনি পোস্টে নারীবাদ নিয়ে প্রশ্ন তোলায়, সমালোচনার মুখে পড়েছেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ