Bartaman Logo
২৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

‘সবুজ সাথি’ এর বদলে ‘সারথি’, চলতি শিক্ষাবর্ষে ১২ লক্ষ ৫৯ হাজার পড়ুয়ার হাতে সাইকেল দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগের তৃণমূল সরকারের আমলে ‘সবুজ সাথি’ প্রকল্পে নিম্নমানের সাইকেল পড়ুয়াদের দেওয়া হত। এখন সেই সবুজ সাথীর বদলে সারথি প্রকল্পে পড়ুয়ারা পাবে ভালো মানের সাইকেল।

‘সবুজ সাথি’ এর বদলে ‘সারথি’, চলতি শিক্ষাবর্ষে ১২ লক্ষ ৫৯ হাজার পড়ুয়ার হাতে সাইকেল দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর
  • ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫৬
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগের তৃণমূল সরকারের আমলে ‘সবুজ সাথি’ প্রকল্পে নিম্নমানের সাইকেল পড়ুয়াদের দেওয়া হত। এখন সেই সবুজ সাথীর বদলে সারথি প্রকল্পে পড়ুয়ারা পাবে ভালো মানের সাইকেল। মঙ্গলবার হাওড়ার একটি স্কুলে আয়োজিত সাইকেল বিতরণ অনুষ্ঠানে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি চলতি শিক্ষাবর্ষে এই প্রকল্পের আওতায় ১২ লক্ষ ৫৯ হাজার পড়ুয়ার হাতে সাইকেল তুলে দেওয়া হবে এমনটাও ঘোষণা করলেন তিনি। 

Advertisement

পূর্ববর্তী সরকারের ‘সবুজ সাথি’ প্রকল্পের নাম বদলে করা হয়েছে ‘সারথি’। এদিন মুখ্যমন্ত্রী জানান, হাওড়াতেই উন্নতমানের সাইকেল তৈরির কারখানা গড়ে তোলার জন্য জমি দেওয়া হবে। ‘সারথি’ প্রকল্পের আওতায় স্কুলগুলির জন্য ৩০০ কোটি টাকা কম্পোজিট গ্রান্ট বরাদ্দ করা হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। এদিন ছাত্রছাত্রীদের স্কলারশিপ নিয়েও সরব হন তিনি। তাঁর দাবি, এবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের পড়ুয়ারাই স্কলারশিপের আওতায় আসবে। উচ্চমাধ্যমিক পড়ুয়াদের স্মার্টফোন বা ট্যাব কেনার জন্য আগের মতো ১০ হাজার টাকা দেওয়া হবে না বলেও জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, তার পরিবর্তে পড়াশোনার প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য আরও বেশি অর্থ দেওয়া হবে। 

পাশাপাশি স্কুলগুলিতে এনসিসি কার্যক্রম ফের চালুর কথাও জানান তিনি। বাম ও তৃণমূল আমলে বহু শিক্ষা প্রতিষ্ঠানে এনসিসি বন্ধ হয়ে গিয়েছিল বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী জানান, বিষয়টি নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। পড়ুয়াদের শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও দেশাত্মবোধের ভাবনা জোরদার করতেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এনসিসি ইউনিট পুনরুজ্জীবিত করা হবে বলে জানান তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ