Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

এগরায় সরস্বতী বন্দনা ও মিলন উৎসব শুরু

এগরায় সরস্বতী বন্দনা ও মিলন উৎসব শুরু
  • ২১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাঁথি: এগরা-২ ব্লকের পানিপারুল পঞ্চায়েতের কুলটিকরি ভাই ভাই সঙ্ঘের পরিচালনায় ‘সরস্বতী বন্দনা ও মিলন উৎসব-২০২৫’ মহাসমারোহে শুরু হল। রজতজয়ন্তী বর্ষের উৎসব উপলক্ষ্যে সাতদিনব্যাপী নানা অনুষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক কর্মসূচি আয়োজিত হয়েছে। ২৫মার্চ পর্যন্ত উৎসব চলবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় এই সঙ্ঘ শ্রীপঞ্চমীর কিছু পরে সরস্বতী পুজো আয়োজন করেছে। এই উৎসব ঘিরে এলাকায় এখন আনন্দঘন পরিবেশ।

Advertisement

বুধবার বিকেলে বর্ণাঢ্য ও সুসজ্জিত শোভাযাত্রা সহ ঘটোত্তোলনের মাধ্যমে উৎসবের সূচনা হয়। শোভাযাত্রা পুরো এলাকা পরিক্রমা করে। সন্ধ্যায় ফিতে কেটে মণ্ডপের উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি শাহনাজ বেগম। সেখানে পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ওইদিন রাতে বহিরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। মন্দিরের আদলে সুদৃশ্য মণ্ডপ ও দেবীপ্রতিমা দর্শনার্থীদের নজর কেড়েছে। উৎসব প্রাঙ্গণ সুদৃশ্য আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। ভাই ভাই সঙ্ঘের সরস্বতীপুজো প্রতিবছর জমজমাট করেই হয়। এবছরও তার ব্যতিক্রম হয়নি। পুজো উপলক্ষ্যে নানা অনুষ্ঠানে কুলটিকরি সহ আশপাশের বহু গ্রাম ও রামনগর থানা এলাকার একটি অংশের বাসিন্দারাও শামিল হন। ফলে পুজোর কয়েকদিন উৎসব প্রাঙ্গণ আক্ষরিক অর্থে মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের কয়েকদিন এগরার বিধায়ক তরুণকুমার মাইতি সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।ভাই ভাই সঙ্ঘের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার দেবীর পূজার্চনার পাশাপাশি এলাকার ছেলেমেয়েদের নিয়ে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা হয়। মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সেখানে বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শুক্রবার কৃষি বিষয়ক আলোচনাচক্র, ‘দাদাগিরি’ খেলা সহ ক্রীড়া প্রতিযোগিতা হবে। এছাড়া, আঁকা ও নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও বিচিত্রানুষ্ঠান রয়েছে। শনিবার চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ আগমন উপলক্ষ্যে নগর পরিক্রমা হবে। ১০৮টি চৈতন্য মহাপ্রভুর মূর্তি নিয়ে এই শোভাযাত্রা বের হয়। তারপর অষ্টপ্রহর হরিনামের সূচনা হবে। রবিবার মহাপ্রভুর অন্নমহোৎসবে কয়েকহাজার ভক্ত অন্নভোগ গ্রহণ করবেন। সন্ধ্যায় রয়েছে যেমন খুশি সাজো প্রতিযোগিতা। সোমবার অনুষ্ঠান মঞ্চে বিভিন্ন প্রতিযোগিতার সফলদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। ওইদিন রাতে ‘সুরদরিয়া’ মিউজিক্যাল ট্রুপের পাশাপাশি সিরিয়ালের নায়িকা সুস্মিতা দে আসছেন। মঙ্গলবার রয়েছে যাত্রানুষ্ঠান। ভাই ভাই সঙ্ঘের তরফে যাত্রাশিল্পীদের সংবর্ধিত করা হবে। এভাবেই সপ্তাহব্যাপী আনন্দে-উচ্ছ্বাসে এলাকাবাসী মজে থাকবেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ