সংবাদদাতা, কান্দি: কোথাও বাগদেবীর পাশে সাধক হিসেবে দেখান হচ্ছে সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংকে। আবার কোথাও ডিজনিল্যান্ডের অনুকরণ করে ফুটিয়ে তোলা হচ্ছে শিশুদের মন জয় করার পরিবেশ। কোথাও চীনের একটি বৌদ্ধ মন্দিরের আদলে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে। কোথাও আবার গ্রাম্য সংস্কৃতির পরিবেশ ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। কান্দি শহর ও ভরতপুর ১ ব্লকের জজানগ্রামে এভাবেই সরস্বতী পুজোয় থিমের যেন ছড়াছড়ি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জজান গ্রামে দুর্গাপুজোয় থিম না হলেও বহুবছর ধরে সরস্বতী পুজোয় থিমের চল রয়েছে। বিশেষ করে গ্রামের কয়েকটি ক্লাব কার্যত প্রতিবছর নতুন ভাবনায় থিম তৈরি করে চমক দিয়ে থাকে। সেই হিসেবে জজান গ্রামে সরস্বতী পুজোয় ভিড়ও জমে পুজোর কয়েকদিন ধরে। এবছর ওই গ্রামে কিশোর সঙ্ঘের পক্ষ থেকে তৈরি করা হচ্ছে ডিজনিল্যান্ড। সেখানে শিশুদের মন জয় করার মত পরিবেশ তৈরি করা হচ্ছে। কার্টুনে এলাকা ছয়লাপ করার চেষ্টা চলছে। এক সদস্য বলেন, আমাদের চেষ্টা মণ্ডপে ঢুকে যেন শিশু মন জয় করা যায়। শুধু শিশু নয় বড়রাও আর্কর্ষিত হবেন আশা করি। পাশাপাশি গ্রামের আরও একটি বড় ক্লাবের পক্ষ থেকে চীনের একটি বৌদ্ধ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করা হচ্ছে। তবে এখানে এটিকে একটি হনুমান মন্দির হিসেবে ফুটিয়ে তোলা হচ্ছে। ফেলে দেওয়া প্লাস্টিক ব্যবহার করে তৈরি হচ্ছে এই মণ্ডপ। গ্রামের সূর্য্য সঙ্ঘের পক্ষ থেকে গ্রামীণ পরিবেশের থিম তৈরি করা হচ্ছে।
এদিকে কান্দি শহরেও এবছর সরস্বতী পুজোয় থিমের ছড়াছড়ি। কান্দি জেলখানার পিছনে গ্রিন ইউনিয়ন ক্লাবের পক্ষ থেকে তৈরি হচ্ছে মায়ের আঁচল। এখানকার থিমে দেখান হচ্ছে একটি পুরো গ্রাম্য সংস্কৃতির পরিবেশ। পুজো কমিটির সদস্য দেবজ্যোতি দত্ত জানান, এবছর প্রায় তিন লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে। মণ্ডপে ঢোকামাত্রই যেন কোনো প্রাচীন সংস্কৃতি সম্পন্ন গ্রামে প্রবেশ করেছেন এটাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। কান্দি রাজবাড়ির শ্যাম সাগরের পাড়ে আমাদের ক্লাবের পক্ষ থেকে তৈরি করা হচ্ছে বিরাট শিব মন্দির। সেখানকার সদস্য মনোরঞ্জন সাহা বলেন, প্রতিবছর আমরা নতুন নতুন থিম করার চেষ্টা করা থাকি। তবে এবছর বেশ বড় আকারে মণ্ডপ তৈরি করা হচ্ছে। শহরের কলাবাগান একাদশের পক্ষ থেকে থিম করা হচ্ছে বিদায়বেলা। তবে তারামাতলা জুনিয়র একাদশের পক্ষ থেকে বাগদেবীর পাশে রাখা হচ্ছে অরিজিৎ সিংয়ের মুর্তি। এখানকার প্রতিমার থিমে অরিজিৎ সিংকে দেবীর একজন সাধক হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে। শহরের সপ্তপুরীর পক্ষ থেকে এআই প্রতিমা তৈরি করা হচ্ছে।