সোহম কর, কলকাতা: যাদবপুর নানা কারণে খবরে থাকে। কিন্তু এখন পুজোর সময়। যদিও যাদবপুরের সন্তোষপুরে ‘তাণ্ডব’ থামছে না। কারণ সন্তোষপুর লেক পল্লির এবছরের থিম ‘তাণ্ডব’। জোরকদমে প্যান্ডেল তৈরির কাজ চলছে। একা সন্তোষপুর লেক পল্লি নয়, ঠিক পাশেই অ্যাভেনিউ সাউথ, সন্তোষপুর ত্রিকোণ পার্কেও জোরকদমে চলছে কাজ।
লেক পল্লির মণ্ডপের ভিতর দু’টন ওজনের বিশালাকার একটি কড়াই উল্টে রাখা। তার উপর তৈরি হয়েছে আকাশছোঁয়া মহাদেবের পা। পায়ে জড়ানো ঘুঙুর। থিম শিল্পী রিন্টু দাস বললেন, ‘মোটামুটি তিনভাগে মণ্ডপ ভাগ করা হয়েছে। দক্ষরাজার যুদ্ধ থাকবে। তারপর মহাদেবের তাণ্ডবনৃত্য। এসবের পর থাকবে দক্ষযজ্ঞর সেই বিশাল জায়গা। এই গোটা বিষয়টি আধুনিক প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা হবে।’ উদ্যোক্তাদের বক্তব্য, ভারতের মধ্যে এমন প্রযুক্তি আর কোথাও দেখা যায়নি। রোমাঞ্চ এখানেই শেষ নয়। উদ্যোক্তারা জানিয়েছেন, দুর্গা এখানে সাবেকি ধাঁচের। কিন্তু প্রযুক্তির মাধ্যমে দেখানো হবে তিনি জীবন্ত হয়ে সতীর রূপ ধারণ করছেন। তারপর? বাকিটা দর্শনার্থীদের জন্য তোলা রাখছেন সন্তোষপুর লেক পল্লির উদ্যোক্তারা। জানা গিয়েছে, মহালয়ার দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উদ্বোধন করবেন মণ্ডপ।
লেকপল্লি থেকে দু’পা এগলে সন্তোষপুর অ্যাভেনিউ সাউথ। এবার ৬০ বছরে পা দিচ্ছে তাদের পুজো। তাদের থিম ‘নির্মাণ বিনির্মাণ’। থিম ফুটিয়ে তুলছেন সুশান্ত শিবানী পাল। প্রতিমা তৈরি করছেন আবীর পাল। পুজো কমিটির সদস্য মৈনাক ঘোষ বললেন, ‘আমাদের মণ্ডপ তৈরি হচ্ছে লোহা, টিন দিয়ে। থাকবে আলোর খেলা। দুর্গাপ্রতিমা হবে একেবারে সাবেকি। ধ্বংসের পরেই তো সৃষ্টি হয়। সেটাকে মাথায় রেখেই এই নির্মাণ-বিনির্মাণ।’ তৃতীয়া অথবা চতুর্থী নাগাদ এই পুজো মণ্ডপ উদ্বোধন হয়ে যাবে। কে উদ্বোধন করবেন তা এখনও ঠিক হয়নি।
সেখান থেকে বেরিয়ে সুকান্ত সেতুর কাছে পৌঁছে গেলে, এখন থেকেই দেখা যাবে কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বেশ কয়েকবছর ধরে দক্ষিণ কলকাতার পুজোর মানচিত্রে জায়গা করে নিয়েছে সন্তোষপুর ত্রিকোণ পার্ক। পুজো কমিটির অন্যতম সদস্য দেবাশিস সরকার বললেন, ‘এবছর আমাদের পুজো ৭৭ বছরে পা দিচ্ছে। থিম ‘প্রকৃতি’। আমাদের মণ্ডপে এলে নিঃস্বর্গ প্রকৃতির আমেজ পাওয়া যাবে। বাঁশ, কাঠ, খড় দিয়ে মণ্ডপ তৈরি হচ্ছে। চতুর্থীর দিন মণ্ডপ উদ্বোধন করবেন যাদবপুরের বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। আমাদের থিম ফুটিয়ে তুলছেন পূর্ণেন্দু দে ও প্রতিমা তৈরি করছেন দিব্যেন্দু দে।’ সন্তোষপুর লেক পল্লির মণ্ডপে কাজ চলছে। -নিজস্ব চিত্র