সংবাদদাতা রানাঘাট: শান্তিপুর বিধানসভা কেন্দ্রে উৎসবের মেজাজে নির্বাচনি প্রচার করছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। শুক্রবার শান্তিপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে তিনি প্রচার শুরু করেন। এরপর বিভিন্ন ওয়ার্ডে তিনি প্রচার চালান। শান্তিপুর পুরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষকে সঙ্গে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করে প্রার্থী জনসংযোগ করেন। বাজনার তালে তালে, সবুজ আবিরে রঙিন হয়ে ওঠে গোটা এলাকা। প্রচার মিছিলে সুসজ্জিত ই-রিকশর উপর দাঁড়িয়ে হাত নেড়ে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানাতে জানাতে এগিয়ে যান তৃণমূল প্রার্থী। এদিন তাঁর প্রচারে অংশ নেয় তৃণমূলের টোটো সংগঠনের সদস্যরাও। এই প্রচার অভিযানে পা মিলিয়েছেন অসংখ্য অনুগামী। অনেকে আবার বাইক নিয়ে মিছিলে অংশ নেন। এ প্রসঙ্গে শহর তৃণমূল কংগ্রেস সভাপতি বৃন্দাবন প্রামাণিক জানান, পুরসভা এবং বিধায়কের উন্নয়নের নিরিখে এবার ১ নম্বর ওয়ার্ড থেকেও অনেক লিড পাবে তাঁদের প্রার্থী। পুরসভার চেয়ারম্যান সুব্রতবাবু জানান, দলমত নির্বিশেষে প্রত্যেক নাগরিককেই সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে। ১ নম্বর ওয়ার্ড বিজেপির দখলে থাকা সত্ত্বেও কোনো ভেদাভেদ করা হয়নি। বিজেপির কাউন্সিলারের মাধ্যমে উন্নয়নের কাজ করা হয়েছে। এদিন তৃণমূল প্রার্থীকে একনজর দেখার জন্য রাস্তাজুড়ে মানুষের ঢল নামে। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তারা শঙ্খধ্বনির ও ফুলের মালা পরিয়ে তৃণমূল প্রার্থীকে সংবর্ধনা জানান। এদিন প্রচারে অংশ নেন যুবক-যুবতীরাও। প্রচার চলাকালীন ব্রজকিশোরবাবু সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন। রাস্তার মোড়ে মোড়ে মহিলারা দাঁড় করিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। • প্রচারে ব্রজকিশোর গোস্বামী। -নিজস্ব চিত্র



