নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা (সমতল) চেয়ারম্যান ও সভানেত্রীর পদে রদবদল। চেয়ারম্যান পদে অলোক চক্রবর্তীকে সরিয়ে বসানো হল নতুন মুখ সঞ্জয় টিবরেওয়ালকে। কিন্তু সভানেত্রীর পদ থেকে পাপিয়া ঘোষকে সরানো হলেও সেই জায়গায় কোনও নাম ঘোষণা করা হয়নি। সেই পদে কি বসছেন কোনও হেভিওয়েট নেতা? শিলিগুড়িতে এনিয়ে দলের অন্দরে শুরু হয়েছে জোর জল্পনা। পাপিয়া বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। দল যখন যা সিদ্ধান্ত নেবে তা মাথা পেতে নেব। অলোকবাবু অবশ্য বলেন, আমাকে চেয়ারম্যান থেকে সরিয়ে দলের রাজ্য কমিটিতে নেওয়া হয়েছে। নতুনমুখ এসেছে। দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। দার্জিলিং জেলায় তৃণমূলের দু’টি সাংগঠনিক কমিটি। একটি সমতল শিলিগুড়ি, অপরটি পার্বত্য। প্রায় চার বছর আগে সমতলের সভানেত্রী পদে পাপিয়া ও চেয়ারম্যান পদে অলোক মনোনীত হন। বেশকিছু দিন ধরেই তাঁদেরকে পদ থেকে সরানোর জল্পনা চলছিল। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য কমিটি আনুষ্ঠানিভাবে তাঁদেরকে সংশ্লিষ্ট পদ থেকে সরিয়েছে। রাজ্য কমিটির প্রকাশিত তালিকা থেকে জানা গিয়েছে, চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হয়েছে সঞ্জয়কে। শহরের খালপাড়ায় তাঁর বাড়ি। তিনি একসময় সিআইআইয়ের চেয়ারম্যান ছিলেন। বর্তমানে উত্তরবঙ্গব্যাপী ব্যবসায়ীদের একটি সংগঠনের দায়িত্বে। এতদিন পর্যন্ত দলের জেলা কমিটির উপদেষ্টা পদে ছিলেন। সঞ্জয় বলেন, ২০১২ সালে দলের সদস্যপদ গ্রহণ করি। নেতা নই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে সকলকে নিয়ে দল পরিচালনা করব।



