Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রাস্তায় নোংরা ফেলার প্রতিবাদ করায় সাফাইকর্মীকে বেধড়ক মার

আবর্জনা সংগ্রহের গাড়ি চলে যাওয়ার পর আবাসন থেকে ময়লা এনে ফেলা হয়েছিল রাস্তার ধারে। সেখান থেকে ড্রেনেও পড়েছিল কিছু আবর্জনা

রাস্তায় নোংরা ফেলার প্রতিবাদ করায় সাফাইকর্মীকে বেধড়ক মার
  • ২১ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: আবর্জনা সংগ্রহের গাড়ি চলে যাওয়ার পর আবাসন থেকে ময়লা এনে ফেলা হয়েছিল রাস্তার ধারে। সেখান থেকে ড্রেনেও পড়েছিল কিছু আবর্জনা। কুকুরের দল তা রাস্তার উপর টেনে এনে ছড়িয়ে ছিল। পুরসভার অস্থায়ী সাফাইকর্মী শিবশঙ্কর মুখোপাধ্যায় আবাসনের বাসিন্দাদের এহেন কাজের প্রতিবাদ করায় মেরে তাঁর চোখ-মুখ ফাটিয়ে দিয়েছেন এক আবাসিক। বৃহস্পতিবার বরানগর পুরসভার তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বরানগর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে সাফাইয়ের কাজ করেন শিবশঙ্কর মুখোপাধ্যায়। তাঁর বাড়ি পাশের ২৫ নম্বর ওয়ার্ডে। বৃহস্পতিবার সকালে তিনি সাফাইয়ের কাজ শুরু করেছিলেন। ৯/৪ যাদবচন্দ্র ঘোষ লেনে বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করে চলে যান তিনি। পাশের ভ্যাট থেকেও আবর্জনা সংগ্রহ করেন। এরপরই ওই লেনের একটি চারতলা আবাসনের এক বাসিন্দা আচমকা আবর্জনা ভর্তি প্যাকেট রাস্তার ধারে ফেলে দেন। সাফাইকর্মী প্রতিবাদ করেন। এ নিয়ে কথা কাটাকাটি চলার সময় সৌমিক বসু নামের এক যুবক বহুতল থেকে নেমে এসে আচমকা ওই সাফাইকর্মীর চোখ ও মুখে এলোপাথাড়ি ঘুসি মারতে শুরু করে। অন্যান্য সাফাই কর্মীরা তা দেখে দ্রুত চলে আসেন। জখম সাফাই কর্মীকে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে একইভাবে বরানগরের ২৫ নম্বর ওয়ার্ডে এক নির্মলসাথী আক্রান্ত হয়েছিলেন। সেক্ষেত্রেও থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। পুরসভার ভাইস চেয়ারম্যান তথা জঞ্জাল বিভাগের দায়িত্বে থাকা দিলীপ নারায়ণ বসু বলেন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। থানায় অভিযোগ দায়ের হয়েছে। শহর পরিষ্কার রাখতে  নাগরিকদের আরও সচেতন ও দায়বদ্ধ হতে হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ