নয়াদিল্লি: ২০১০ সালে পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহ হয়েছিল সানিয়া মির্জার। আট বছর পর জন্ম হয় তাঁদের সন্তান ইজহানের। কিন্তু ২০২৪ সালের জানুয়ারিতে বিবাহবিচ্ছেদ ঘটে শোয়েব-সানিয়ার। তখন থেকে একাই ইজহানকে বড় করছেন প্রাক্তন টেনিস তারকা। ফিল্ম পরিচালক ও কোরিওগ্রাফার ফারহা খানকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন তিনি। আলাপচারিতার সময় ফারহা বলেন, ‘সিঙ্গল মাদার হওয়া খুব কঠিন। সব কাজ একার হাতে সামলাতে হয়, তাই না?’ জবাবে সানিয়া বলেন, ‘মাঝেমধ্যে খুব অসহায় লাগত। নিশ্চয়ই মনে আছে, একদিন তোমার একটা লাইভ শোয়ে আমার যাওয়ার কথা ছিল। কিন্তু স্টুডিওতে পৌঁছনোর অবস্থাতেই ছিলাম না। আমি তখন রীতিমতো কাঁপছিলাম। সেই সময় তুমি যদি আমাকে আনতে না আসতে, তাহলে আমার পক্ষে শো করতে যাওয়া অসম্ভব হত। তুমি বলেছিলে, যা হয় হোক, তুমি শো করবে।’ সেই ঘটনার উল্লেখ করে ফারহা বলেন, ‘আমি তো রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলাম। তোমাকে কখনও এমন প্যানিক অ্যাটাকের মতো অবস্থায় দেখিনি।’ ইউটিউবে ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’ নামে শোয়ে সানিয়া-ফারহার কথোপকথন রীতিমতো সাড়া ফেলেছে।



