লখনউ: অযোধ্যার রামমন্দিরে প্রণামি ও অনুদান চুরির নিয়ে তোলপাড় গোটা দেশ। এই আবহে জগদীশ আফালেকে মন্দিরের ট্রাস্টের প্রথম সচিব হিসাবে নিযুক্ত হতে চলেছেন । দৈনন্দিন প্রশাসনিক কাজের তদারকির দায়িত্বে থাকবেন তিনি। একইসঙ্গে আর্থিক লেনদেনের জন্য তাঁকে সহ স্বাক্ষরকারী করা হয়েছে। এবিষয়ে ট্রাস্টের অন্তবর্তী সাধারণ সম্পাদক কৃষ্ণ মোহন বলেন, ‘ব্যাংক সংক্রান্ত কাজের ক্ষেত্রে আমার আর আফালের স্বাক্ষর থাকবে। ট্রাস্টিদের বোর্ড এর অনুমোদন দিয়েছে।’ দীর্ঘদিন ধরে আরএসএসের সঙ্গে যুক্ত রয়েছেন আইআইটি বম্বের প্রাক্তনী আদতে পুনের বাসিন্দা জগদীশ। মন্দির চত্বর নির্মাণের সময় প্রায় চার বছর প্রজেক্ট ইঞ্জিনিয়ারের দায়িত্বে ছিলেন তিনি। সূত্রের খবর, গত ৬ জুলাই ট্রাস্টের বৈঠকে জগদীশের নাম প্রস্তাব করা হয়। আগামী ২ সেপ্টেম্বর ট্রাস্টের কার্যনির্বাহীর বৈঠকে প্রস্তাব অনুমোদিত হবে বলে মনে করা হচ্ছে।



