নয়াদিল্লি: ২০২১ থেকে ২০২৪ পর্যন্ত রাজস্থান রয়্যালসের প্রধান কোচ ছিলেন কুমার সাঙ্গাকারা। তাঁর আমলে ২০২২ আইপিএলের ফাইনালে ওঠে দল। ২০২৪ সালে খেলে প্লে-অফও। আসন্ন আইপিএলে ফের একবার তাঁর হাতে দায়িত্ব তুলে দিচ্ছে রাজস্থান। প্রধান কোচের পাশাপাশি, ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অব ক্রিকেটও থাকছেন তিনি। অর্থাৎ, দ্বৈত দায়িত্ব সামলাবেন শ্রীলঙ্কার প্রাক্তন তারকা। উল্লেখ্য, গত আইপিএলে রাজস্থান রয়্যালসের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। কিন্তু দলের ব্যর্থতার জেরে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বিচ্ছেদ ঘটেছে তাঁর। গত আইপিএলে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছিলেন বিক্রম রাঠোর। এবার তিনি সহকারী কোচ হয়েছেন। বোলিং কোচের পদে থাকছেন শেন বন্ডই।



