স্যান্ডপেপার গেট: বিস্ফোরক খোয়াজাকে সমর্থন ওয়ার্নারের
  • ১০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সিডনি: ২০১৮ সালে কেপটাউনে বল বিকৃতি কেলেঙ্কারি পিছনে ফেলে স্বমহিমায় ফিরেছে অস্ট্রেলিয়া। কিন্তু উসমান খোয়াজার আত্মজীবনী ফের উসকে দিল সেই বিতর্ক। আবারও আলোচনার কেন্দ্রে স্যান্ডপেপার গেট। বইটি প্রকাশের আগে প্রাক্তন ওপেনার এক সাক্ষাৎকারে জানান, পুরো অস্ট্রেলিয়া টিমই জানত বল বিকৃতি হচ্ছে। তাতে রীতিমতো আলোড়ন পড়েছে ক্রিকেটমহলে। আর এবার উসমান খোয়াজাকে সমর্থন করে বিবৃতি দিলেন সেই ঘটনায় দোষী সাব্যস্ত ডেভিড ওয়ার্নারও। তিনি প্রশ্ন তুলেছেন স্যান্ডপেপার কাণ্ডের তদন্ত নিয়েও।

Advertisement

২০১৮ সালে কেপটাউনে টিভি ক্যামেরায় ধরা পড়েছিল, গোপনে স্যান্ড পেপার দিয়ে বল বিকৃত করছেন ব্যাংক্রফট। ফুটেজ সামনে আসতেই আলোড়ন পড়ে যায় ক্রিকেট বিশ্বে। ক্রিকেট অস্ট্রেলিয়াও নড়েচড়ে বসে। তদন্তে দোষী প্রমাণিত হয়েছিলেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ব্যাংক্রফট। তাঁদের নির্বাসিতও করা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে খোয়াজা জানিয়েছেন, ‘কেপ টাউনের আগের টেস্টেও বল বিকৃত করা হয়েছিল। আর সবকিছুই জানত পুরো টিম। আমি তখনই বলেছিলাম যে, দায় পুরো টিমের নেওয়া উচিত। কিন্তু তা হয়নি। ওই টেস্টের ডাগ-আউটে ব্যাংক্রফটের পাশে আমিই বসেছিলাম। তাই তদন্ত যখন শুরু হয়, ভেবেছিলাম আমায় প্রশ্ন করা হবে। তাহলেই সব সত্যি বলে দিতাম। কিন্তু আমাকে প্রশ্নই করা হয়নি। তদন্তকারীরা হয়তো সত্যি ফাঁস হয়ে যাওয়ার ভয়েই এমনটা করেছিল।
উসমান খোয়াজার মন্তব্যকে সমর্থন করে ডেভিড ওয়ার্নার সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। পোস্ট করা এক ভিডিয়োতে তিনি জানান, ‘ঘটনার পর আট বছর পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও আমি তা থেকে বেরোতে পারিনি। আমার ১২ বছরের মেয়ে এই নিয়ে প্রশ্ন করে। অবশেষে সত্যিটা প্রকাশ্যে এল। এরজন্য আমি উসমানকে ধন্যবাদ জানাতে চাই। ও যা বলেছে ১০০ শতাংশ সত্যি। আমার তো তদন্ত ঘিরেও প্রশ্ন রয়েছে।’ বলার অপেক্ষা রাখে না, খোয়াজার বিস্ফোরক দাবির জেরে রীতিমতো বিড়ম্বনায় পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।